নিজের দ্বিতীয় ইনিংসে ৫৩ রানে ৪ উইকেট হারিয়েও অ্যাডিলেড টেস্টে আধিপত্য ধরে রেখেছে অস্ট্রেলিয়া। দিবারাত্রির অ্যাশেজে তৃতীয় দিন শেষে সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে ২৬৮ রানে এগিয়ে স্বাগতিকরা। তৃতীয় দিন শেষে ৪ উইকেট হারিয়ে ৫৩ রান তুলেছে স্মিথ বাহিনী।
অস্ট্রেলিয়া দ্বিতীয় দিন ইনিংস ঘোষণার আগে ৮ উইকেট হারিয়ে তোলে ৪৪২ রান। জবাবে সব উইকেটে ২২৭ রান তোলে ইংলিশরা।
ব্যাটিংয়ে নেমে নিজেদের প্রথম ইনিংসে ইংলিশ ওপেনার মার্ক স্টোনম্যান ১৮ রান করে সাজঘরে ফেরেন। ৩৭ রানে বিদায় নেন ওপেনার অ্যালিস্টার কুক এবং তিন নম্বরে নামা জেমস ভিঞ্চ ২ রানে মাঠ ছাড়েন। দলপতি জো রুট ৯ রান করে সাজঘরের পথে ফেরেন। ডেভিড মালান ১৯, মঈন আলি ২৫, জনি বেয়ারস্টো ২১, ক্রিস ওকস ৩৬ আর ক্রেইগ ওভারটন অপরাজিত ৪১ রান করেন।
অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লিওন চারটি, মিচেল স্টার্ক তিনটি, প্যাট কামিন্স দুটি আর জস হ্যাজেলউড একটি উইকেট লাভ করেন।
নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে অজি ওপেনার ক্যামেরুন বেনক্রফট ৪ আর ডেভিড ওয়ার্নার ১৪ রান করেন। উসমান খাজা ২০ রান করে বিদায় নেন। দলপতি স্টিভ স্মিথ করেন ৬ রান। দিন শেষে অপরাজিত থাকা পিটার হ্যান্ডসকম্ব ৩ রানে এবং নাথান লিওন ৩ রানে মাঠ ছাড়েন।
এর আগে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ওপেনার ক্যামেরুন বেনক্রফট ১০ এবং ডেভিড ওয়ার্নার ৪৭ রান করেন। এছাড়া তিন নম্বরে নামা উসমান খাজা ৫৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে বিদায় নেন। দলপতি স্টিভ স্মিথের ব্যাট থেকে আসে ৪০ রান। ৩৬ রান করেন পিটার হ্যান্ডসকম্ব। ২৩১ বলে ১৫টি চার আর একটি ছক্কায় ১২৬ রান করেন শন মার্শ। অপরাজিত থাকেন তিনি। মাঝে টিম পেইন ৫৭ রান করে সাজঘরে ফিরলেও প্যাট কামিন্স করেন ৪৪ রান। ১০ রানে অপরাজিত থাকেন নাথান লিওন।
ক্রেইগ ওভারটন তিনটি, স্টুয়ার্ট ব্রড দুটি আর জেমস অ্যান্ডারসন-ক্রিস ওকস একটি করে উইকেট দখল করেন।









