ভারতের উড়িষ্যার কুটাক জেলার এক জঙ্গল থেকে রাজশ্রী সোয়াইন (২৬) নামে এক নারী ক্রিকেটারের মৃতদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
গত ১১ জানুয়ারি থেকে সে নিখোঁজ ছিল। এসময় তার স্কুটারটি জঙ্গলের কাছে পরিত্যাক্ত অবস্থায় পাওয়া যায়।
সহকারি পুলিশ কমিশনার পিনাক মিশ্র বলেন, ‘এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আমরা আঠাগড় এলাকার গুরুদিঘটিয়া জঙ্গলে একটি গাছে তার ঝুলন্ত লাশ পেয়েছি। ময়নাতদন্ত প্রতিবেদন শেষে মৃত্যুর আসল কারণ জানা যাবে।’
উড়িষ্যা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত জাতীয় পর্যায়ের একটি টুর্ণামেন্টে অংশগ্রহণের জন্য পুরি জেলা থেকে পুদুচেরিতে যোগ দিতে এসেছিলেন রাজশ্রী। কিন্তু টুর্নামেন্টের ১৬ সদস্যের দলে জায়গা হয়নি তার।
রাজশ্রীর এক সহপাঠী জানান, গত বুধবার সন্ধ্যায় দল ঘোষণায় তার তাকে কাঁদতে দেখা গেছে। এবং ট্রেনিং থেকে সে নিখোঁজ হয়ে যায়।
নিখোঁজের অভিযোগে স্থানীয় মঙ্গলাবাগ থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছিলেন রাজশ্রীদের প্রশিক্ষক পুস্পালি ব্যানার্জি।
এদিকে তার পরিবার অভিযোগ করেছে, রাজশ্রীকে খুন করা হয়েছে। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং চোখও ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিবার আরও দাবি করেছে, রাজশ্রী ডানহাতি ফাস্ট বোলার এবং মিডল অর্ডার ব্যাটসম্যান। যাচাই বাছাইয়ের সময় সে অনেকের চেয়ে ভালো পারফরম্যান্স করলেও তাকে দলে সুযোগ দেওয়া হয়নি।
তার মৃত্যুতে শোক প্রকাশ করে উড়িষ্যা ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুব্রত বেহেরা বলেন, খেলোয়াড় বাছাই স্বচ্ছভাবে হয়েছিল। যাচাই বাছাই স্বচ্ছ না হয়, তাহলে সে কীভাবে ২৫ জনের দলে স্থান পেয়েছিল?









