ছিনতাইকারীকে টেনে হেঁচড়ে নামিয়ে বেদম প্রহার দেয়ার দৃশ্য খুব একটা দেখা যায় না। এমনই এক ঘটনা ঘটেছে ভারতের রাজধানী নয়াদিল্লিতে।
মা মেয়ে হেঁটে যাওয়ার সময় দুই বাইক চালক গতি কমিয়ে মায়ের গলা থেকে স্বর্ণের চেইন টান দিলে মা এবং মেয়ে ওই ছিনতাইকারীকে ধরে টেনে হেঁচড়ে নামান মোটরসাইকেল থেকে।
মা-মেয়ে মিলে ছিনতাইকারীকে মারধর শুরু করলে আশ-পাশের পথচারীরা এগিয়ে আসেন। তারাও ওই ছিনতাইকারীকে ঘিরে ধরে মারধর করতে থাকেন।
বিপদ বুঝতে পেরে ওই ছিনতাইকারীর অপর সহযোগী ও মোটরসাইকেলের চালক রাস্তার বিপরীত দিকে দৌড়ে পালিয়ে যান।
এ ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে। ছিনতাইকারীকে হাতেনাতে ধরে ফেলায় অনেকেই মা-মেয়ের এমন সাহসিকতার প্রশংসা করেছেন।
#WATCH: Bike borne chain snatchers caught red-handed by a woman and her daughter in Nangloi, Delhi on August 30. The chain snatchers were later arrested by police. pic.twitter.com/vdLpztOKYw
— ANI (@ANI) September 3, 2019
ভিডিওতে দেখা যায়, পশ্চিম দিল্লির ন্যাঙ্গলইয়ের রাস্তায় রিকশা থেকে সবেমাত্র হাঁটা শুরু করেছেন মা মেয়ে। এমন সময় পেছন দিক থেকে একটি মোটরসাইকেল এগিয়ে আসে। মোটরসাইকেলের গতি কমিয়ে ওই নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে দুই ছিনতাইকারী।
কিন্তু দ্রুততার সঙ্গে মা এবং মেয়ে মোটরসাইকেলের পেছনের আসনে বসা ছিনতাইকারীকে ধরে ফেলেন। তারা মোটরসাইকেল থেকে রাস্তায় টেনে নামান ওই ছিনতাইকারীকে। তবে অপর ছিনতাইকারী পালিয়ে যায়। মা এবং মেয়ের হাত থেকে ছুটে যাওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হয় ছিনতাইকারী। তারা দু’জন মারধর শুরু করলে পথচারীরা এগিয়ে এসে ছিনতাইকারীকে কিল-ঘুষি ও লাথি মারতে থাকেন।
শুক্রবার পশ্চিমদিল্লির ন্যাঙ্গলইয়ে এ ঘটনা ঘটে। পরে ওই ছিনতাইকারীকে পুলিশের হাতে তুলে দেন উত্তেজিত জনতা। অভিযান চালিয়ে অপর ছিনতাইকারীকেও আটক করেছে দিল্লি পুলিশ।
পুলিশ অভিযুক্ত দুই ছিনতাইকারীর নাম আব্দুল শামশাদ এবং বিকাশ জইন বলে জানিয়েছে।









