গত রোববার নিখোঁজ হওয়া বৃদ্ধ মোহাম্মদ আলী আহমেদ ফিরেছেন নিজের ঠিকানায়। হাসি ফুটেছে পরিবারের সদস্যের মধ্যে।
তার নিখোঁজের পর চ্যানেল আই অনলাইনের প্রকাশিত ‘হজের উদ্দেশ্যে ঢাকায় এসে নিখোঁজ’ শিরোনামে খবরটি দেখেই সহৃদয় একদল নিবেদিত মানুষ বৃদ্ধ আলী আহমেদকে পৌছে দেন পরিবারের কাছে।
আলী আহমেদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার সকালে রামপুরার ওয়াপদা রোডের বাসায় তাকে নিয়ে যায় উদ্ধারকারী দল।
তারা বলেন চ্যানেল আই অনলাইনের খবর পড়ে তারা বৃদ্ধ আলী আহমেদকে সোমবার রাতে রাজধানীর হাতিরঝিল ও মগবাজার এলাকায় দেখতে পায়। পরে তারা আলী আহমেদকে মঙ্গলবার সকালে বাড়ি পৌছে দেয়।
এদিকে আলী আহমেদ বাড়ি ফিরে এলে পরিবারের সদস্যরা যেন প্রাণ ফিরে পান। তারা জানান, চ্যানেল আই অনলাইন ও চ্যানেল আইয়ের খবর প্রকাশের জন্যই তারা তাদের পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যকে খুঁজে পেয়েছেন। এইজন্য তারা চ্যানেল আই অনলাইন ও চ্যানেল আইকে বিশেষভাবে ধন্যবাদ জানান।
পবিত্র হজ পালনের জন্য মক্কায় যাওয়ার আগে গ্রামের বাড়ি থেকে ঢাকায় আত্মীয় বাড়ি আসে মোহাম্মদ আলী আহমেদ। পরে রোববার বিকাল তিন’টার দিকে রাজধানীর রামপুরার ওয়াপদা রোড থেকে নিখোঁজ হন তিনি।









