জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্ম নিয়ে চ্যানেল আই শুরু করতে যাচ্ছে গবেষণা ভিত্তিক অনুষ্ঠান ‘নজরুল উৎসব’।
যে অনুষ্ঠানে প্রাধান্য পাবে নজরুলের গান, কবিতা, উপন্যাস, গল্প, চিঠিপত্র এবং নজরুল বিষয়ে আলোচনা। এছাড়াও নজরুলের জীবনী থেকে প্রতি পর্বে থাকবে স্মৃতিচারণ। এ অনুষ্ঠানেই আরো একটি পর্ব স্থান পাবে স্কুল ভিত্তিক নজরুল চর্চা।
অনুষ্ঠানটির প্রচার উপলক্ষে চ্যানেল আই ভবনে শনিবার (৩১ অক্টোবর) দুপুরে এক অনুষ্ঠানে উপস্থিত থেকে বিস্তারিত তুলে ধরেন অনুষ্ঠানটির সঞ্চালক এবং পরিকল্পক বিশিষ্ট নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরা।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন কবি নুরুল হুদা। বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী, এবং ‘নজরুল উৎসব’র পৃষ্ঠপোষক ‘বাঁশরী’র প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জি. ড. খালেকুজ্জামান।
অনুষ্ঠানে অতিথিরা নজরুলকে নিয়ে এমন উদ্যোগের প্রশংসা করে বলেন, ‘নজরুল উৎসব’ নিয়ে যে পরিকল্পনা দেখছি, তা নিঃসন্দেহে আগামিতে নজরুল চর্চাকে আরো শক্তিশালী জায়গায় নিয়ে যাবে।
অনুষ্ঠান সম্পর্কে ফেরদৌস আরা জানান, ‘নজরুল উৎসব’ অনুষ্ঠানের বিভিন্ন পর্বে অংশ নেবেন দেশের খ্যাতনামা শিল্পী, সাহিত্যিক, কবি, আবৃত্তিকার, নজরুল গবেষক প্রমুখ।
অনুষ্ঠানটি প্রচার হবে আগামি বুধবার থেকে। সপ্তাহের এই দিনে রাত ১১টা ৩০ মিনিটে।









