বিশ্ব পরিবেশ দিবস সামনে রেখে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের টেলিফিল্ম ‘বিহঙ্গ মায়া’ প্রচারিত হবে আজ শুক্রবার চ্যানেল আই-এর দুপুর ২টার সংবাদের পর।
ছোটবেলা থেকেই পাখির প্রতি ভালবাসা পরানের। বংশ পরম্পরায় প্রকৃতির প্রতি ভালবাসা জন্মেছে তার মেয়ে পাখির ভেতরও। খাঁচায় বন্দি পাখি দেখলে পরাধীনতা ছুঁয়ে যায় বার বার। একদিন সত্যি সত্যি পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে ফেলে পরান। গাঁয়ের প্রভাবশালী মেম্বারের পাখি ছেড়ে দেন তিনি।
এজন্য তার উপর নেমে আসে নির্যাতন। এরপর এক রাতে ওই মেম্বার নিখোঁজ হন। পরে জানা যায় পরানই তাকে আটকে রেখেছিল এমন গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে টেলিফিল্ম ‘বিহঙ্গ মায়া’।
আবুল হায়াতের পরিচালনায় ৬২ মিনিটের এ টেলিফিল্মের গল্প ভাবনা প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবুর, নাট্যরূপ দিয়েছেন তুষার কান্তি সরকার। অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, নাজনীন চুমকি ও অন্যরা।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে টেলিফিল্ম ‘বিহঙ্গ মায়া’ ও জলবায়ু নিয়ে তৈরি গানটি পরিবেশ রক্ষায় জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের পরিচালক মুকিত মজুমদার বাবু।









