চেন্নাইয়ের শংকর নেত্রালয়ে বাংলাদেশ সময় শুক্রবার বিকেল সাড়ে তিনটায় সিদ্দিকুরের বাম চোখের অস্ত্রোপচার শুরু হয়েছে। শংকর নেত্রালয়ের চিকিৎসক লিঙ্গম গোপাল এই অস্ত্রোপচার করছেন।
সিদ্দিকুরের সহপাঠী ও বন্ধু শেখ ফরিদ শুক্রবার বিকেলে চ্যানেল আই অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
শেখ ফরিদ বলেন, ‘শংকর নেত্রালয়ের চিকিৎসক লিঙ্গম গোপাল এই অস্ত্রোপচার করছেন। তবে এখনও অস্ত্রোপচারের শেষ খবর জানা যায়নি। তবে সিদ্দিকুর মানসিকভাবে সুস্থ ও শক্ত আছে এবং সবার কাছে দোয়া চেয়েছে।’
এর আগে চিকিৎসকরা সিদ্দিককে জানিয়েছেন বাম চোখে অস্ত্রোপচার করলে এক শতাংশ দেখার সম্ভাবনা রয়েছে, সিদ্দিক চাইলে মানবিক দৃষ্টিতে তার বাম চোখের অস্ত্রোপচার করা হবে। এরপর সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সিদ্দিক বাম চোখে অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেয়।
২৭ জুলাই স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় চেন্নাইয়ের শংকর নেত্রালয়ে সিদ্দিকুরকে চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হয়।
২০ জুলাই শাহবাগে জাতীয় জাদুঘরের সামনের সড়কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, তিতুমীর কলেজ, কবি নজরুল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থীরা রুটিনসহ পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে অবস্থান নেয়।
একপর্যায়ে তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। এসময় শিক্ষার্থীদের লাঠিপেটা করা হয়। ওই দিন পুলিশের ‘কাঁদানে গ্যাসের শেলে’ চোখে গুরুতর আঘাত পান তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর।









