আশির দশকে পাকিস্তান থেকে চুরি যাওয়া একটি প্রাচীন ভাস্কর্য পাকিস্তানকে ফিরিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় শতকে নির্মিত ওই প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি বুদ্ধের পদচিহ্নের একটি ভাস্কর্য।
বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে নিউ ইয়র্কে আইনজীবীরা বুধবার একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে পাকিস্তানের ডেপুটি চিফ অব মিশন রিজওয়ান সায়িদ শেখের কাছে ভাস্কর্যটি তুলে দেন।
এ সময় রিজওয়ান সায়িদ বলেন, ভাস্কর্যটি পাকিস্তানের প্রাচীন সাংস্কৃতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ উপাদান।
আপাতত প্রদর্শনীর উদ্দেশ্যে নিউ ইয়র্কেই কিছু দিন নিদর্শনটি রাখা হবে বলে জানান তিনি।
ম্যানহাটনের ডিসট্রিক্ট অ্যাটর্নি সাইরাস আর. ভ্যান্স জুনিয়রের ভাষায়, ভাস্কর্যটি ‘একটি সম্পত্তির চেয়ে অনেক বেশি কিছু’।
তিনি বলেন, এটি এমন একটি প্রাচীন নিদর্শন যা পাকিস্তানের ইতিহাস ও সংস্কৃতিকে তুলে ধরে। একে রক্ষা করতে হবে।
‘বুদ্ধপদ’ নামের ভাস্কর্যটিতে গৌতম বুদ্ধের পায়ের ছাপের সঙ্গে রয়েছে বিভিন্ন ধরণের ধর্মীয় চিহ্ন। ১৯৮০’র দশকের দিকে এটি পাকিস্তানের সোয়াত ভ্যালি থেকে চুরি হয়ে যায়।
পরে একসময় জাপানি একজন অ্যান্টিক ডিলারের হাতে টোকিও হয়ে পাচার হয়ে পৌঁছে যায় যুক্তরাষ্ট্রে। চুরি হওয়া সম্পত্তি নিজের মালিকানায় রাখার অভিযোগে চলতি মাসেই ওই ডিলারকে আদালতে দোষী সাব্যস্ত করা হয়।
যুক্তরাষ্ট্রে ভাস্কর্যটি বিক্রির জন্য নিলামের আয়োজন করা হয়েছিল। আশা করা হচ্ছিলো এর দাম ১০ লাখ মার্কিন ডলার পর্যন্ত উঠবে। বাংলাদেশী মুদ্রায় যার মূল্যমান প্রায় ৮ কোটি টাকা।
তবে বিক্রি হওয়ার আগেই নিউ ইয়র্ক কর্তৃপক্ষ ওই নিলাম আটকে দেয়।









