যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীনের কোনো প্রকার সহায়তা ছাড়াই যুক্তরাষ্ট্র নর্থ কোরিয়ার পারমাণবিক হুমকির সমাধান করবে। চীন যদি নর্থ কোরিয়া সমস্যার সমাধান করতে এগিয়ে না আসে, তাহলে আমরা করবো। এটি আপনাদের নিশ্চিত করে বলতে পারি। যুক্তরাজ্যের পত্রিকা ফিন্যান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব মন্তব্য করেন। তিনি একা এই চেষ্টায় সফল হবেন কি না- সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন ‘সম্পূর্ণরুপে’।
চলতি সপ্তাহে চীনের প্রেসিডেন্ট জি জিনপিংয়ের ভ্রমণকে সামনে রেখে এমন বক্তব্য দিলেন ট্রাম্প।
এসময় ট্রাম্প বলেন: নর্থ কোরিয়ার উপর চীনের ব্যাপক প্রভাব রয়েছে এবং নর্থ কোরিয়া ইস্যুতে চীন হয় আমাদের সাথে কাজ করবে অথবা করবে না। যদি তারা আমাদের সাথে কাজ করে তাহলে সেটি তাদের জন্য ভালো হবে। আর যদি কাজ না করে তাহলে এটি কারও জন্যেই ভালো হবে না।

এই বক্তব্য দিয়ে তিনি ‘একতরফা’ পদক্ষেপে যাবেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি নিয়ে আমাকে আর কিছু বলতে হবে না। সম্পূর্ণরুপে। তবে কি ধরনের পদক্ষেপ নেয়া হবে সম্পর্কে স্পষ্ট করে কিছুই বলেননি তিনি।
নর্থ কোরিয়ার পারমানবিক অস্ত্র এবং ক্ষেপনাস্ত্রের উন্নয়ন ও পরীক্ষা নিয়ে যুক্তরাষ্ট্রের মধ্যে যথেষ্ট উদ্বেগ রয়েছে। যুক্তরাষ্ট্রের আশঙ্কা পিয়ংইয়ং এমন কোনো শক্তিশালী পারমাণবিক মিসাইল তৈরি করেছে যা দিয়ে উত্তর কোরিয়া থেকেই সরসরি আক্রমণ করতে পারবে।

যেন যুক্তরাষ্ট্রকে বুড়ো আঙ্গুল দেখিয়ে একের পর এক মিসাইল, রকেট এবং পারমানবিক বোমার পরীক্ষা চালিয়ে যাচ্ছে নর্থ কোরিয়া। এর মাঝে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব জেমস ম্যাথিউস রাগান্বিত হয়ে সতর্ক করেছিলেন, আর যদি পারমানবিক বোমার পরীক্ষা চালানো হয়, তাহলে ‘চরম’ জবাব দেয়া হবে।









