যে মাঠে চতুর্থ ইনিংসে রান তাড়া করে জেতার ইতিহাসটি সর্বোচ্চ ৯৯ রানের, সেখানে বাংলাদেশকে করতে হবে ৪৫৭! শুধু তাই নয়; গলে চতুর্থ ইনিংসে কোন দল এখন পর্যন্ত ৩০০’র বেশি রানই করতে পারেনি। আর টেস্টের ইতিহাসেই তো চতুর্থ ইনিংসে ৪১৮ রানের বেশি তাড়া করে জেতার নজির নেই। সেখানে জয়ের স্বপ্ন দেখতে চার সেশন হাতে পাচ্ছে বাংলাদেশ। আর ম্যাচ বাঁচিয়ে ফিরতে এই চার সেশন টিকে থাকাই চ্যালেঞ্জ।
চতুর্থদিন সকালে শ্রীলঙ্কা রান বাড়ানোর দিকে মন দেয়। উপুল থারাঙ্গা সেঞ্চুরি তুলে স্বাগতিকদের কাজটা সহজ করে দেন। ৬ উইকেট হারিয়ে ২৭৪ পর্যন্ত যাওয়ার পর ইনিংস ঘোষণা করে দলটি। প্রথম ইনিংসে এগিয়ে থাকা ১৮২ রান মিলে তাতে লিডটা সাড়ে চারশ পেরিয়ে যায় স্বাগতিকদের।
একদিকে শুভাশিস রায়। আরেকদিকে মেহেদী হাসান মিরাজ। চতুর্থদিন সকালে এভাবে শুরু করেন অধিনায়ক মুশফিকুর রহিম। এর মাঝে একটি সুযোগও এসেছিল। সাকিব একটু তৎপরতা দেখাতে পারলে ফায়দা লুটতে পারতেন। দিনের ষষ্ট ওভারে মিরাজকে উইকেট ছেড়ে এসে তুলে মেরেছিলেন দিমুথ করুনারত্নে। কাভারের উপর দিয়ে পাঠাতে চেয়েছিলেন। শর্ট কাভারে সাকিব লাফিয়ে বল প্রায় ধরেই ফেলেন। কিন্তু বলে হাত জমাতে ব্যর্থ হন। ৭ রানে বেঁচে যান করুনারত্নে।
মিরাজ পরে দুইজনকে ফেরান। সাকিবও ফিরিয়েছেন দুইজনকে। তাসকিন একজনকে। মোস্তাফিজও একজনকে।
চতুর্থদিন ভোরে গলের আকাশে মেঘ ছিল। আবহাওয়া ছিল প্রথম তিনদিনের চেয়ে বেশ ঠাণ্ডা।









