হলি ক্রস কলেজের প্রাক্তন অধ্যক্ষ সিস্টার যোসেফ মেরী, সিএসসি, আজ মঙ্গলবার, ২৮ জুলাই, ২০১৫ যুক্তরাষ্ট্রে বাংলাদেশ সময় সকাল ৬.৫০ মিনিটে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
১৪ই ফেব্রুয়ারি ১৯৩০ সুদূর আমেরিকায় জন্মগ্রহণ করা সিস্টার মেরি ১৯৫৬ খ্রিষ্টাব্দে শুরুতে তৎকালীন পূর্ব পাকিস্তানে মিশনারি হিসাবে এসেছিলেন।
তিনি আনন্দ খুঁজে পেতেন মানুষের জন্য কিছু করার মধ্যে। হলি ক্রস কলেজের প্রতিষ্ঠাত্রী সিস্টার আগষ্টিন মারী, সিএসসি’র সাথে শিক্ষকতা শুরু করেন তিনি।
কখনও ছাত্রীদের পরিচালনা, সহ-অধ্যক্ষ এবং অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। তিনি একাধারে যুক্তিবিদ্যা, অর্থনীতি, ইংরেজি, ইতিহাস ও নৈতিকতা বিষয়ে শিক্ষা দিতেন।
শিক্ষা ক্ষেত্রে ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র, যিনি ১৯৫৬ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত সরাসরি হলি ক্রস কলেজে শিক্ষা সেবা প্রদান করেছেন। নিঃস্বার্থ আদর্শে সৃজনশীলতা ও হাসির মুক্তপ্রাণ উজ্জ্বলতা দিয়ে তার স্বাক্ষর রেখে গেছেন।






