চারঘণ্টা দেরিতে দেশে পৌঁছেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান মুসলিম লীগ নেতা নওয়াজ শরীফ ও তার মেয়ে মরিয়ম শরীফ। স্থানীয় সময় রাত পৌনে ৯টায় তাদের বহনকারী বিমান লাহোরের আল্লামা ইকবাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছায়।
তবে যেকোন সময় তাদের গ্রেপ্তার করা হতে পারে বলে দেশটির ইংরেজি দৈনিক ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে। তাদের গ্রেপ্তার করে ছোট বিমান বা হেলিকপ্টারে করে ইসলামাবাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নিয়ে যাওয়া হতে পারে বলে এতে বলা হয়েছে।
দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে ১০ বছরের কারাদণ্ড দেন আদালত। লন্ডনে চারটি বিলাসবহুল ফ্ল্যাট সম্পর্কিত দুর্নীতি মামলায় পাকিস্তানের একটি আদালত এই দণ্ডাদেশ দেন।
এছাড়াও তার মেয়ে মরিয়ম শরীফকে সাত বছর ও তার স্বামী ক্যাপ্টেন সাফদারকে এক বছরের কারাদণ্ডাদেশ দেন আদালত।
আদালতের রায়ের সময় লন্ডন ছিলেন বাবা-মেয়ে। দুর্নীতির অভিযোগ অস্বীকার করেন তারা। জানান, তারা দেশে ফিরবেন এবং এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন। অপেক্ষা ছিল কবে দেশে ফেরেন তারা। অবশেষে শুক্রবার দেশে ফেরার সিদ্ধান্ত নেন তারা।
শুক্রবার ইতিহাদ এয়ারওয়েজের ফ্লাইট ইওয়াই২৪৩ তে করে আবুধাবি হয়ে লাহোরের পথে যাত্রা করেন তারা।









