নতুন বেইল আউট চুক্তি অনুমোদনের পর এবার গ্রিসকে ঋণ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এ ব্যাপারে ইউরোজোন মন্ত্রীদের সাথে আলোচনায় বসবে সংস্থাটি।কর বৃদ্ধি ও ব্যয় সংকোচনের বিনিময়ে গ্রিস আইএমএফের কাছ থেকে মোট ৮৬ বিলিয়ন ইউরো ঋণ পাবে। আগামী ৩ বছরে কয়েক দফায় ওই অর্থ দেওয়া হবে। প্রথম দফায় দেশটি পাবে ২৬ বিলিয়ন ইউরো। এর মধ্যে গ্রিক ব্যাংকগুলোর পুঁজি হিসেবে ১০ বিলিয়ন এবং বাকি ১৬ বিলিয়ন ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের ঋণ শোধসহ অন্যান্য কাজের জন্য দেওয়া হবে।ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট জিন-ক্লড জাংকার বলেছেন, বেইল আউট চুক্তি এটাই প্রমাণ করে যে, গ্রিস অবশ্যই ইউরোজোনে থাকছে।
আইএমএফ প্রধান ক্রিস্টিন লাগার্ডে চুক্তিকে স্বাগত জানালেও গ্রিসের ঋণ পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠেছে বলেও সতর্ক করেন। তিনি মনে করেন, দেশটির যে পরিমাণ সহায়তা প্রয়োজন তা এখন পর্যন্ত ধারণাও করা যায়নি। গ্রিসের পক্ষে শুধু নিজের চেষ্টায় ঋণ সমস্যার সমাধান করা সম্ভব নয়।






