মিরপুরে অন্যরা যখন ফিটনেস ক্যাম্পে ব্যস্ত, সাকিব তখন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন। শেষ পর্যন্ত অনুশীলন না করেই বাসার পথ ধরলেন। বিশ্বসেরা অলরাউন্ডারের অমন হাঁটা দেখে খোঁজ নিয়ে জানা গেল, গোড়ালি মচকে গেছে!
বিসিবির মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘পা ব্যান্ডেজ করে দেয়া হয়েছে। ৪৮ ঘণ্টা এভাবে থাকবে।’

আগস্টের দ্বিতীয় সপ্তায় বাংলাদেশে আসার কথা অস্ট্রেলিয়ার। এখন তারই প্রস্তুতি চলছে। এই সময়ে সাকিবের এমন ইনজুরি চিন্তা বাড়াচ্ছে।
তবে রাবীদ ইমাম বলছেন সুস্থ হতে বেশিদিন লাগবে না, ‘৪৮ ঘণ্টা পর ডাক্তার ব্যান্ডেজ খুলতে বলেছেন। সুস্থ হতে সপ্তাহখানেক লাগতে পারে।’
জানা গেছে, শুক্রবার বনানীর নিজ বাসার সিঁড়ি দিয়ে নামার সময় পা মচকায় সাকিবের।









