আগামীতে সুষ্ঠু নির্বাচনের কোন আলামত দেখছেন না মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে কোন গণতন্ত্র নেই। বিএনপি সবসময় গণতন্ত্র নিয়ে কথা বলে এসেছে। গত ৫ বছর ধরে গণতন্ত্র নিয়ে কথা বলতে বলতে আমরা ক্লান্ত।
সোমবার দুপুরে নয়াপল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।
ফখরুল বলেন: ‘সম্পূর্ণ দখলদারিত্ব কায়েম করে গায়ের জোরে ক্ষমতায় টিকে আছে প্রধানমন্ত্রী। বিনা ভোটের সরকার গঠন করে আবারও অনৈতিক পথে হাঁটছে। গত কয়েকদিনে আবারও আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার শুরু করেছে। এমতাবস্থায় সুষ্ঠু নির্বাচনের কোন আলামত দেখছি না আমরা।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা নির্বাচনে যাবো। তবে এখন পর্যন্ত আমাদের প্রার্থী চূড়ান্ত করা হয়নি। যখন করবো আপনাদের জানিয়ে দেয়া হবে।’
এসময় তিনি অবিলম্বে সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ নির্দলীয় সহায়ক সরকারের অধীনে নির্বাচনের আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর সমালোচনা করে ফখরুল বলেন, ‘এ কয়েকদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নিয়ে যে অশালীন বক্তব্য দিয়েছেন তা সম্পূর্ণ রাজনৈতিক শিষ্টাচার বর্জিত। ভবিষ্যতে এধরনের বক্তব্য থেকে বিরত থাকার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।’
রাষ্ট্রপতির সমালোচনা করে ফখরুল বলেন, ‘রাষ্ট্রপতি আওয়ামী লীগের দলীয় লক্ষ্য পূরণ করছেন। কার্যালয় থেকে যা বলা হয় তাই তিনি পাঠ করেন’
এসময় বিএনপিকে কোন গণতান্ত্রিক কার্মকাণ্ডে অংশ নিতে দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেন ফখরুল।









