শনিবার রাজধানীতে রাজনৈতিক কর্মসূচিতে পেশাগত দায়িত্ব পালনরত গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সুপ্রিম কোর্ট বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরাম (এলআরএফ)।
একই বিবৃতিতে ওইদিন রাজধানীর কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় নিন্দা জানায় সংগঠনের সভাপতি শামীমা আক্তার ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান।
রোববার সন্ধ্যায় ল’ রিপোর্টার্স ফোরামের দপ্তর সম্পাদক মাহমুদুল আলমের পাঠানো বিবৃতিতে বলা হয়, ‘পেশাগত দায়িত্বপালনকালে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনা স্বাধীন মতপ্রকাশে বাধাস্বরূপ। এর সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি ভবিষ্যতে কোন রাজনৈতিক কর্মসূচিতে গণমাধ্যমকর্মীদের ওপর হামলা থেকে বিরত থাকতে নিজ নিজ দলের নেতাকর্মীদের যেন নির্দেশনা দেওয়া হয়, রাজনৈতিক দলগুলোর নেতাদের প্রতি এই অনুরোধ জানানো হয়।
এছাড়া আজকের বিবৃতিতে, বাংলাদেশের প্রধান বিচারপতির বাসভবন লক্ষ্য করে হামলার ঘটনা অগ্রহণযোগ্য উল্লেখ করে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।









