জাতীয় ক্রিকেট লিগে ঢাকা মেট্রোকে উড়িয়ে দিয়ে ইনিংস ব্যবধানে জিতেছে সিলেট বিভাগ। জয়ে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা।
প্রথম ইনিংসে খালেদ আহমেদের দারুণ বোলিংয়ের মুখে ১৩০ রানে অলআউট হয় মেট্রো। জবাবে অমিত হাসানের সেঞ্চুরিতে ৩৭৬ রানের সংগ্রহ গড়ে সিলেট। পরে খালেদ আবার বল হাতে ভূমিকা রাখেন। ৫ উইকেট নিয়ে মেট্রোর ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে ১০৭ রানে থামিয়ে দেন।
তাতে ইনিংস ও ১৩৯ রানের বড় জয় পায় সিলেট। দারুণ সেঞ্চুরি করে ম্যাচসেরা অমিত। আগের ম্যাচে ডাবল সেঞ্চুরি করেছিলেন তিনি।
তৃতীয় দিন ১৯৭ রান পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমেছিল মেট্রো। খুব বেশিদূর যেতে পারেনি তারা। হাতে থাকা ৬ উইকেট নিয়ে আরও ৫৮ রান তুলতে অলআউট হয়। দ্বিতীয় ইনিংসে মেট্রোর সর্বোচ্চ রান সংগ্রাহক মার্শাল আইয়ুব। নাসুমের বলে বোল্ড হওয়ার আগে ৩৪ রানের ইনিংস খেলেন। আবু হায়দার রনির ব্যাট থেকে আসে ২৮ রান। এর বাইরে কেবল আমিনুল ইসলাম বিপ্লব (১৪) দুঅঙ্কের ঘরে রান করতে পেরেছেন।
দ্বিতীয় ইনিংসে মেট্রোকে ধসিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন খালেদ। ৪৫ রানে তার শিকার ৫ উইকেট। প্রথম ইনিংসে তিনি ৩ উইকেট শিকার করেছিলেন। রেজাউর রহমান রাজা শিকার করেন ৩টি উইকেট।









