স্বজন হারিয়ে নিজ দেশ থেকে বিতাড়িত হয়ে অন্য দেশে ১ বছর পার করার দুর্বিষহ স্মৃতি নিয়ে উখিয়ার কুতুপালংসহ ত্রিশটি ক্যাম্পে চলছে শোক। সকাল থেকেই ক্যাম্পগুলোতে ৪ দফা দাবি নিয়ে গণজমায়েত করেছে রোহিঙ্গারা।
দাবিগুলো হচ্ছে- রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করা, রাখাইনে গণহত্যা বন্ধ করা, রোহিঙ্গাদের পূর্ণ নাগরিকত্ব প্রদান করা এবং গণহত্যার জড়িত সেনাবাহিনীর সদস্যদের আন্তর্জাতিকভাবে বিচার সম্পন্ন করা।
দেশ হারানোর এক বছর হয়ে গেলেও নিরাপদে নিজ দেশে ফেরার অপেক্ষায় ১০ লাখ রোহিঙ্গা। জাতি হিসেবে স্বীকৃতি নিয়ে নির্মম অত্যাচারের বিচার দাবি করে নিজ দেশে ফিরতে চায় রোহিঙ্গারা।
মিয়ানমার সামরিক বাহিনীর গণ নির্মমতার চিত্র বিশ্ব নেতারা নিজ চোখে দেখে গেলেও তাদের দেশে ফেরার ব্যাপারে উদ্যেগ নেয়া হচ্ছে না বলে ক্ষোভ রোহিঙ্গাদের। নিজ দেশে ফেরা ও বিচারের দাবিতে একদিকে নারী-পুরুষের গণ জমায়েত, এর বিপরীতে শিশুরা রাস্তায় নেমেছে এই নির্মমতার প্রতিশোধ স্পৃহা নিয়ে।
বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের খাওয়া পরার নিশ্চয়তা দেবার পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলো চিকিৎসা ও নিজস্ব ভাষায় তাদের শিক্ষার ব্যবস্থা করেছে।
আরও দেখুন ভিডিও রিপোর্টে









