বলিউড তারকা ক্যাটরিনা কাইফ সম্প্রতি ইনস্টাগ্রাম খুলেছেন। সেখানে নিয়মিতই মজার সব ছবি দিচ্ছেন ক্যাটরিনা। তার শেয়ার করা ছবিগুলো বেশ আলোচিত হচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যমে। তার এত ছবি দেখে স্বাভাবিক ভাবেই মনে হতে পারে সারাক্ষণই ছবি তুলতে পছন্দ করেন ক্যাটরিনা। তবে ক্যাটরিনার এই ছবি প্রীতির ব্যাপারে তিনি জানালেন ভিন্ন কথা। তার ছবি তুলতে চাইলে নাকি ফটোগ্রাফারকে শর্ত জুড়ে দেন তিনি। বিষয়বস্তু ছাড়া ছবি তুলতে একদম পছন্দ করেন না ক্যাটরিনা।
ছবি তুলতে ভালোবাসেন? এই প্রশ্নে ক্যাটরিনার তাৎক্ষনিক উত্তর, ‘হ্যাঁ, যদি সেটার নির্দিষ্ট উদ্দেশ্য থাকে এবং এলোপাথাড়ি না হয়। ছবি তোলার আগে জেনে নেই কী ধরনের ছবি তোলা হবে। যদি স্বচ্ছতা, উদ্যম এবং ভালো বিষয়বস্তু থাকে তাহলে ছবি তুলতে দারুণ লাগে।’ তিনি আরও জানান, ফটোগ্রাফারের সাথে যদি সম্পর্ক ভালো থাকে, তাহলে ছবি তোলার সময়টা বেশ উপভোগ করা যায়।
সাধারণত ক্যাটরিনার কারও সঙ্গে মিশতে একটু সময় লাগে। তবে এই কঠিন কাজটাকে খুব সহজেই সামলে নিতে পেরেছিল তার ব্যক্তিগত ফটোগ্রাফার মারিও। মারিও প্রসঙ্গে এই তারকা বলেন, ‘সাধারণত অপরিচিত ব্যক্তির সামনে সাবলীল হতে একটু সময় লাগে। কিন্তু মারিওর সঙ্গে প্রথমবার কথা বলেই মনে হয়েছিল, আমি আমার পুরোনো বন্ধুর সঙ্গে কথা বলছি। তিনি খুবই আন্তরিক এবং তার সঙ্গে ছবি তুলতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি।’
ক্যাটরিনা এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন পুরোনো প্রেমিক সালমান খানের সঙ্গে আলী আব্বাস জাফরের ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির কাজ নিয়ে। কবির খানের ‘এক থা টাইগার’ ছবির সিক্যুয়েল এটি। এছাড়া আরেক সাবেক প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে ‘জাগ্গা জাসুস’ ছবিতেও কিছুদিনের মধ্যেই দেখা যাবে তাকে। হিন্দুস্তান টাইমস।









