দুই জুভেন্টাস সতীর্থ ড্যানিয়েলে রুগানি ও ব্লেইস মাতুইদি করোনাভাইরাসে আক্রান্ত। কোয়ারেন্টাইনে পুরো জুভ স্কোয়াড। গঞ্জালো হিগুয়েনও ছিলেন। ইতালিতে অবস্থা সুবিধার নয় বুঝে বৃহস্পতিবার দেশে পালিয়ে গেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড!
তুরিনোর কাসেয়া বিমানবন্দর থেকে ভাড়া করা বিমানে দেশে ফিরে গেছেন হিগুয়েন। বিমানবন্দরে পুলিশ তাকে আটকায়নি। কারণ দেহে কোভিড-১৯ ভাইরাস সংক্রমণ হয়নি এমন প্রমাণ দেখানোর পরই ইতালি ছাড়ার অনুমতি পেয়েছেন এ ফরোয়ার্ড।
সোজা আর্জেন্টিনায় যাওয়ার অনুমতি অবশ্য দেয়া হয়নি হিগুয়েনের বিমানকে। করোনার কারণে ইতালিতে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সাউথ আমেরিকায় ইতালি থেকে সরাসরি আসা বিমানের প্রবেশ নিষেধ। তাই ঘুর পথে দেশে ঢুকতে হবে হিগুয়েনকে। প্রথমে ফ্রান্স, পরে স্পেনে গিয়ে বিমান বদলে দেশে যাবেন তিনি।
একইভাবে ইতালি ছাড়ছেন জুভেন্টাসের আরও দুই তারকা স্যামি খেদিরা ও মিরালেম পিয়ানিচ। করোনাভাইরাস থেকে নিরাপদ দূরত্বে আছেন এমন নমুনা দেখাতে হচ্ছে দুজনকেই।









