প্রথম প্রস্তুতি ম্যাচে বড় হার, পরেরটিতে তারচেয়েও বড় ব্যবধানে জয়, তৃতীয়টিতে এসে ড্র, সবশেষে জয়। অভিজ্ঞতা অর্জনের এই অম্ল-মধুর প্রাপ্তির পর দেশে ফিরেছেন কৃষ্ণা-মার্জিয়ারা। সাউথ কোরিয়া সফর শেষে শুক্রবার দেশে ফেরেন তারা।
আসছে সেপ্টেম্বরের ১০-২৩ তারিখে থাইল্যান্ডে বসবে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ ফুটবলের চূড়ান্ত পর্বের আসর। তার আগে টানা প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৬ মেয়েরা।
লাল-সবুজের মেয়েরা কোরিয়া সফরের প্রথম প্রস্তুতি ম্যাচে দেশটির অনূর্ধ্ব-১৬ মেয়েদের বিপক্ষে ৬-০ ব্যবধানে হেরে বসেছিল। পরে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে ইয়ূলমাইয়ূন মিডল স্কুলের মেয়েদের ৯-০ গোলে বিধ্বস্ত করে কৃষ্ণা-মার্জিয়ারা। তৃতীয় প্রস্তুতি ম্যাচে ২-২ গোলে ড্র করার পর শেষে পাজু মিডল স্কুলের নারী দলকে ৩-০ গোলে হারায়।
সেপ্টেম্বরে থাইল্যান্ডে এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের সেরা তিনের মধ্যে থাকতে পারলেই আগামী অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের দরজা খুলে যাবে। বাংলাদেশের মেয়েরা অন্তরে সেই ‘দরজা’র স্বপ্ন লালন করেই প্রস্তুত হচ্ছেন।
বাংলাদেশ বাছাইপর্বের ‘সি’ গ্রুপ থেকে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে ওঠে। ইরানকে ৩-০ গোলে, সিঙ্গাপুরকে ৫-০, কিরগিজস্তানকে ১০-০, চীনা তাইপেকে ৪-২ এবং আরব আমিরাতের শক্তিশালী দলকে ৪-০ গোলে হারায়।
মূল পর্বে অবশ্য অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। প্রতিপক্ষ টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন নর্থ কোরিয়া। রয়েছে চীন, জাপান, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলও।









