বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ মেয়েদের ফুটবল দল সাউথ কোরিয়া সফরের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে দাপট দেখিয়ে জিতেছে। শুক্রবার ইয়ূলমাইয়ূন মিডল স্কুলের মেয়েদের ৯-০ গোলে বিধ্বস্ত করেছে কৃষ্ণা-মার্জিয়ারা।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এক বিজ্ঞপ্তিতে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ইয়ূলমাইয়ূন মিডল স্কুলের মেয়েদের বড় ব্যবধানে হারানোর সংবাদটি জানায়। প্রথম প্রস্তুতি ম্যাচে কোরিয়ার অনূর্ধ্ব-১৬ মেয়েদের দলের বিপক্ষে ৬-০ ব্যবধানে হেরে বসেছিল লাল-সবুজের মেয়েরা।
ম্যাচের ১১ মিনিটে আনুচিং মোগিনির গোলে প্রথমবার এগিয়ে যায় অতিথিরা। ২৫ মিনিটে মৌসুমি ব্যবধান দ্বিগুণ করেন। পরে ৩০ মিনিটে আরেকদফা ব্যবধান বাড়ান নার্গিস। স্কোরলাইন ৩-০ নিয়ে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।
মধ্যবিরতির পর ফিরে ৫৪ মিনিটে শামসুন্নাহার স্কোরশিটে নাম লেখান। ৫৮ মিনিটে তাতে যোগ দেন মনিকা। সেই ধারাবাহিকতা ধরে পরের দুটি গোল কর বসেন আঁখি ও রাজিয়া। মার্জিয়া স্বাগতিকদের জালে শেষ পেরেকটি ঠুকে দিলে ৯-০ ব্যবধানের দাপুটে এক জয়ে মাঠ ছাড়ে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।
আসছে সেপ্টেম্বরে থাইল্যান্ডে বসবে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের আসর। তার আগে টানা প্রস্তুতি ম্যাচ খেলছে মেয়েরা। কৃষ্ণা-মার্জিয়াদের পরের ম্যাচটি আগামী সোমবার।









