ঈদের আনন্দে মুখরিত দেশ। শনিবার ঈদ! ঈদকে কেন্দ্র করে আওয়ামীলীগ নেতারা বিভিন্ন জায়গায় ঈদ করবেন। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রতিবারের মতো এবারও তার সরকারি বাসভবন গণভবনে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন। ঈদের দিন সকালে গণভবনে দলীয় নেতৃবৃন্দ, বিচারপতি ও কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
এবার মন্ত্রিসভার অধিকাংশ সদস্য ঢাকায় ঈদ করছেন। যারা এলাকায় ঈদ করতে পারছেন না তারা ঈদের আগে বা পরে নিজ এলাকার মানুষের সঙ্গে দেখা করে আসছেন। এছাড়া সরকারের জ্যেষ্ঠ মন্ত্রীদের অধিকাংশই এবার ঢাকায় ঈদ করবেন বলে সংশ্লিষ্টদের তথ্য কর্মকর্তাদের কাছে জানা গেছে।
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, আইনমন্ত্রী আনিসুল হক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হক, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবার ঢাকায় ঈদ করবেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া সৈয়দ আশরাফুল ইসলামকে প্রতি বছর নিজ জেলা কিশোরগঞ্জে ঈদ পালন করতে দেখা গেলেও এই প্রথম তিনি ঢাকায় ঈদ করছেন।
পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীরও ঢাকায় ঈদ করার কথা রয়েছে। এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ঢাকায় ঈদ করবেন।
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এবার ঈদ করবেন ঢাকায়। তবে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ঈদ করবেন তার নির্বাচনী এলাকা ভোলায়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম ঈদ উদযাপন করবেন ঢাকায়।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ঈদ করবেন চট্টগ্রামের মিরসরাইয়ে তার নিজ এলাকায়। পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল ঈদ করবেন কুমিল্লায় তার এলাকায়। বেশিরভাগ মন্ত্রী ঢাকায় ঈদ করলেও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের অনেকেই এবার ঈদ করবেন নিজ নিজ এলাকায়। আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত ঈদ উদযাপন করবেন সুনামগঞ্জে তার নির্বাচনী এলাকায়। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ ঈদ করবেন তার নিজ এলাকা ফরিদপুরের ভাঙ্গায়। দলের প্রেসিডিয়াম সদস্য নূহ-উল আলম লেনিন ঈদ করবেন তার নিজ এলাকা মুন্সীগঞ্জের লৌহজংয়ে।
এছাড়া নিজ এলাকা দিনাজপুরে ঈদ করবেন দলের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। তবে সংসদ উপনেতা ও দলের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী এবং উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস শারীরিকভাবে অসুস্থ এজন্য তারা ঢাকাতেই ঈদ করবেন।
এছাড়া ঢাকায় ঈদ করবেন দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব) ফারুক খান। ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী ঈদ করবেন নোয়াখালীতে। ঈদে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সুজিত রায় নন্দী নিজ জেলা চাঁদপুরে থাকবেন। স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভুঁইয়া ডাবলু ঈদ করবেন মুন্সীগঞ্জে।
দলের প্রেসিডিয়াম সদস্য সাহারা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ঢাকায় ঈদ করবেন।






