বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সাবেক ঊর্ধ্বতন ও বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শাহানা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সিঙ্গাপুর সময় বৃহস্পতিবার সকাল ৯টা ৩১ মিনিটে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিলো ৬৫ বছর। ড. শাহানা বেগম দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। আগামীকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর তেজগাঁওয়ে চ্যানেল আই ভবন প্রাঙ্গণে তাঁর প্রথম নামাজে জানাজা হবে। বাদ জুমা রাজধানীর ইস্কাটনের সবজি বাগান জামে মসজিদে তাঁর দ্বিতীয় নামাজে জানাজা হবে। এরপর মরহুমাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।
ড. শাহানা বেগম ইমপ্রেস টেলিফিল্ম, চ্যানেল আইয়ের পরিচালক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এনায়েত হোসেন সিরাজের স্ত্রী। তার মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।









