খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ভর্তি পরীক্ষায় আগত শিক্ষার্থীদের বিনামূল্যে থাকার সুযোগ করে দিচ্ছে টাইগার গার্ডেন ইন্টারন্যাশনাল হোটেল। সোমবার হোটেলের ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এই সুযোগের কথা ঘোষণা করা হয়। ২৬ অক্টোবর রাতে প্রায় ২০০ ছাত্র-ছাত্রী একজন অভিভাবকসহ এখানে থাকার সুযোগ গ্রহণ করতে পারবেন।
টাইগার গার্ডেন ইন্টারন্যাশনাল, খুলনার প্রজেক্ট হেড মেজর শহীদুজ্জামান শাহিন চ্যানেল আই অনলাইনকে বলেন, ভর্তি পরীক্ষা দিতে এসে শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হয়। সবচে বেশি হয় থাকার কষ্ট। খুলনায় পরীক্ষা দিতে এসে যেন কারও কষ্টে থাকতে না হয় তার জন্যই এই ব্যবস্থা। গতবার প্রথমবারের মতো এই আয়োজন করা হয়। সেবার টাইগার গার্ডেনে ছিলো ৫৫জন শিক্ষার্থী। এবার ২০০ শতাধিক শিক্ষার্থী এই সুযোগ গ্রহণ করতে পারবেন। ছাত্র-ছাত্রীদের জন্য আলাদা থাকার ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন, হোটেলে অবস্থানকালীন শিক্ষার্থীরা মিনারেল ওয়াটার ফ্রি পাবেন। হোটেলে খাবারের ব্যবস্থা আছে। তবে খাবার খেতে হবে মূল্য দিয়ে।
২৬-২৭ তারিখের জন্য হোটেলের সব সিট বুক হয়ে যাওয়ায় এই ব্যবস্থা চালু করা হয়েছে বলে জানান মেজর শহীদুজ্জামান।
২৬ তারিখ বিকাল পাঁচটায় আগ্রহী শিক্ষার্থীদের খুলনা শহরের শিববাড়ি মোড়ে টাইগার গার্ডেন ইন্টারন্যাশনাল হোটেলে উপস্থিত হতে বলেছে সেনা কল্যান সংস্থার এই হোটেল কর্তৃপক্ষ।









