কুমিল্লায় গুলি করে রকিবুল ইসলাম মুকুল নামের (৪৮) এক ডেকোরেটর ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। শুক্রবার ভোরে সদর উপজেলার নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিতে সাইফুল, রিফাত, রিপন নামের আরও ৩ ব্যক্তি আহত হয়েছে। আহতদের আশংকাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে (কুমেক) ভর্তি করা হয়েছে।
নিহত মুকুল ওই গ্রামের মৃত একেএম ইউনুস মিয়ার ছেলে এবং ওই এলাকার প্রিয়া ডেকোরেটরের মালিক। প্রত্যক্ষদর্শীরা জানান, ফজরের নামাজ শেষে মুকুল বাড়ি যাওয়ার পথে ৭/৮ জন ব্যক্তি তার পথরোধ করে দাঁড়ায়। দুবৃত্তরা গুলি চালালে মাথায় গুলিবিদ্ধ হয়ে মুকুল ঘটনাস্থলেই নিহত হয়। পরে বাড়িতে গিয়ে একই গ্রামের সাইফুল, রিফাত ও কর্মচারী রিপনকে গুলি করে তারা।
আহতদের আশঙ্কাজনক অবস্থায় কুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে যাওয়া কুমিল্লার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) ইমতিয়াজ মাহবুব জানান, ‘গুলিতে মুকুল নামের এক ব্যক্তি নিহত ও আরও ৩ জন আহত হয়েছে। কী কারণে এ খুনের ঘটনা তা এখনো স্পষ্ট জানা যায়নি, মরদেহ উদ্ধারের পর কুমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।









