বল টেম্পারিং করে কেপটাউন টেস্টে আগেই কলঙ্কের দাগ লাগিয়েছে অস্ট্রেলিয়া। পরে কলঙ্কিত ম্যাচে অজিদের জন্য যুক্ত হয়েছে বেইজ্জতির হার। চারদিনেই প্রোটিয়াদের কাছে ৩২২ রানের বিশাল ব্যবধানে হেরেছে তারা। ফলে চার টেস্টে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।
বল টেম্পারিংয়ের অভিযোগে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথকে এক টেস্ট নিষিদ্ধ করা হয়। তার ম্যাচ ফির ১০০ শতাংশ জরিমানার সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও দেয় আইসিসি।
এই শাস্তিতে সাউথ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে খেলতে পারবেন না স্মিথ। কেপটাউন টেস্টে দলীয়ভাবে টেম্পারিংয়ে জড়ানোর অভিযোগ ওঠার পর স্মিথ ও ওয়ার্নার ম্যাচের চতুর্থদিনের খেলা শুরুর আগেই অধিনায়ক এবং সহ-অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
শাস্তি পেয়েছেন টেম্পারিংয়ের আরেক হোতা ক্যামেরন বেনক্রফটও। তিনটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে তার নামের পাশে। সঙ্গে ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা।
নতুন অধিনায়ক টিম পেইনের অধীনে খেলতে নেমে সাউথ আফ্রিকাকে অলআউট করে অস্ট্রেলিয়া। ৫ উইকেটে ২৩৮ রান নিয়ে চতুর্থদিন ব্যাট করতে নেমে ৩৭৩ রানে অলআউট হয় প্রোটিয়ারা। এতে অস্ট্রেলিয়ার সামনে জয়ের জন্য টার্গেট দাঁড়ায় ৪২৯ রানের। প্রথম ইনিংসে সাউথ আফ্রিকার করা ৩১১ রানের জবাবে অস্ট্রেলিয়া করে ২৫৫ রান।
বল টেম্পারিংয়ে টালমাতাল অবস্থায় ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালই করে অস্ট্রেলিয়া। ওপেনিং জুটিতে ৫৭ রান তুলে অন্তত লড়াইয়ের আভাস দিয়েছিলেন ক্যামেরন বেনক্রফট ও ডেভিড ওয়ার্নার। কিন্তু ২৬ রান করে বেনক্রফট ও ৩২ রান করে ওয়ার্নার ফিরে গেলে মড়ক লাগে অজি ব্যাটিং লাইনআপে।
দুই ওপেনার ছাড়া অস্ট্রেলিয়ার বাকি নয় ব্যাটসম্যানের মাত্র একজন দুই অঙ্ক ছুঁতে পেরেছেন। মিশেল মার্শ করেন ১৬ রান। ১৯.৪ ওভারে ৫০ রানে ১০ উইকেট হারায় অস্ট্রেলিয়া। ১০৭ রানে অলআউট হয়ে ক্রিকেটের জন্য একটি নির্মম দিন উপহার দেয়ার সঙ্গে মাত্র দুদিন আগে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের ৫৮ রানে অলআউট হয়ে যাওয়ার স্মৃতিও ভুলিয়ে দেন অজি ব্যাটসম্যানরা।
সাউথ আফ্রিকার হয়ে ৯.৪ ওভারে মাত্র ২৩ রান দিয়ে ৫ উইকেট নেন মরনে মরকেল। এই টেস্টের প্রথম ইনিংসেই আবার ৩০০ উইকেট নেয়ার কীর্তি গড়েছেন তিনি। মরকেল ছাড়া কেশব মহারাজ দুটি ও কাগিসো রাবাদা নেন একটি উইকেট।









