উত্থান-পতনের মধ্যে ভারতে করোনা মহামারী শেষ পর্যায়ে রয়েছে বলে ধারণা করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন।
তিনি এই প্রক্রিয়াকে ‘এন্ডেমিক’ মন্তব্য করে বলেন, এটি (করোনা মহামারী) এমন একটি অবস্থানে আছে, যা কোনো ভাইরাসের স্থানীয়করণের মতো।
গণমাধ্যমের সঙ্গে এক সাক্ষাতকারে সৌম্য স্বামীনাথন আরও বলেন, ‘এন্ডেমিক বলতে বোঝায়, যখন একটি নির্দিষ্ট এলাকার কিছু মানুষ ভাইরাসের সঙ্গে মানিয়ে নেওয়ার অভ্যাস রপ্ত করে ফেলে। এই অভ্যাস রপ্ত করার প্রক্রিয়া একটি বড় দিক। আর তার জন্যই করোনা যে স্তরে এই মুহূর্তে ভারতে রয়েছে, তা মহামারীর ক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ বিষয়।’
এমন পরিস্থিতিতে সৌম্য স্বামীনাথনের বিশ্বাস, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবার কোভ্যাক্সিনের মতো ভারতীয় ভ্যাকসিনকে অনুমোদন দিলে তা কার্যকর হতে পারে।
ভারতে করোনা পরিস্থিতি আগামী দিনে কোন পথে যেতে পারে- এমন প্রশ্নে তার জবাবে, ‘আপাতত করোনা পরিস্থিতি যা রয়েছে তা নিয়েই আগামী দিনে হয়তো ভারতকে চলতে হতে পারে। তবে তার মধ্যে কিছু উত্থান-পতন থেকে যেতে পারে।’
সৌম্য স্বামীনাথন বলেন, একটি এলাকার বাসিন্দারা কতোটা রোগ প্রতিরোধ ক্ষমতাকে আয়ত্ত করেছেন, তার ওপর সেখানে করোনা ছড়িয়ে পড়া নির্ভর করছে। আগামী কয়েক মাসেও এমন পরিস্থিতির মধ্যেই থেকে যেতে হবে।
তবে ২০২২ সালের শেষের দিকে ভারতের ৭০ শতাংশ মানুষের ভ্যাকসিন প্রদান শেষে হলে করোনা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরতেও পারে বলে জানিয়েছেন তিনি।









