কলম্বো, শ্রীলংকা থেকে: ঐতিহাসিক টেস্ট জয়ের পর এবার ওয়ানডে আর টি-টুয়েন্টি সিরিজ। সেই লড়াইয়ের জন্য ‘টিম-টাইগার্স’ কলম্বোতে প্রস্তুতি শুরু করেছে। ঐচ্ছিক অনুশীলনের দিন ওয়ানডে অধিনায়ক মাশরাফির নেতৃত্বে অনুশীলনে ছিলেন না টেস্ট স্কোয়াডের নিয়মিত সদস্যরা। ওয়ানডে এবং টি-টুয়েন্টিতে শ্রীলংকাকে আরো লড়াকু দল বলে মন্তব্য করে, অধিনায়ক মাশরাফি জমজমাট লড়াইয়ের আশা প্রকাশ করেছেন।
পি. সারা ওভালের ঐতিহাসিক টেস্ট জয়ের রেশ এখনো রয়েছে বাংলাদেশ শিবিরে। অমন স্নায়ুক্ষয়ী লড়াইয়ের পরদিন কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ওয়ানডে দলের অনুশীলনে অধিনায়ক মাশরাফি ছিলেন, ছিলেন নুরুল হাসান সোহান এবং মাহমুদউল্লাহ রিয়াদসহ টেস্ট দলের বাইরে থাকা তরুণরা।
নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজের শেষ অংশে ইনজুরির কারণে দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে ছিলেন মাশরাফি। এবার শ্রীলংকার বিরুদ্ধে আবারো নেতা হয়ে ফিরছেন।
অস্ট্রেলিয়াকে শেষ টি-টুয়েন্টি সিরিজে হারানো শ্রীলংকাকে বিপজ্জনক প্রতিপক্ষ মানছেন ‘নড়াইল এক্সপ্রেস’। বললেন, কঠিন এ চ্যালেঞ্জ মোকাবেলায় দলের সবাইকে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে।
টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়ে মানসিক চাপে অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। ওয়ানডে সিরিজের আগে অনুশীলনে যোগ দিয়েছেন তিনি। নির্ভরযোগ্য পারফর্মারকে মাঠে পুরোনো ছন্দে দেখতে চান অধিনায়ক। তার জন্য কাজও শুরু করে দিয়েছেন মাশরাফি।
২৫শে মার্চ ডাম্বুলায় শুরু প্রথম ওয়ানডে, তার আগে ২২শে মার্চ কলম্বোর কোল্ট ক্রিকেট গ্রাউন্ডে ওয়ার্ম-আপ ওয়ানডে খেলবে ‘টিম-টাইগার্স।
বিস্তারিত ভিডিওতে:
https://youtu.be/UtKmhQGTvpQ









