ওড়িশি অ্যান্ড টেগোর ড্যান্স মুভমেন্ট সেন্টারের ১৬ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হলো দুই দিনব্যাপী নৃত্য উৎসব। আজ শনিবার সন্ধ্যায় প্রথম দিনের অনুষ্ঠান আয়োজন করা হয় জাতীয় নাট্যশালার মুল মঞ্চে। এ সময় উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, নৃত্যগুরু পৌষালী মুখার্জী, ভারতীয় হাই কমিশনের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের পরিচালক জয়শ্রী কুণ্ডু ও অধ্যাপক ড. অনুপম সেন।
অনুষ্ঠানে দেশবরেণ্য নৃত্যশিল্পীদের সম্মাননা জানানো হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন— আমানুল হক, মীনু হক, সাজু আহমেদ, শর্মিলা বন্দ্যোপাধ্যায়, মুনমুন আহমেদ ও তামান্না রহমান।
ওড়িশি অ্যান্ড টেগোর ড্যান্স মুভমেন্ট সেন্টারের শিল্পীরা মনোরম নৃত্য পরিবেশন করেন। শিল্পীদের মাঙ্গলাচরণ, শিব বন্দনা, বটু, রবীন্দ্রনৃত্য, আরভি পল্লবী, সুগ্মাদণ্ড পল্লবী, সভেরী পল্লবী, ভাঙ্গা গানসহ বিভিন্ন পরিবেশনায় মুগ্ধ হন দর্শক।
আগামীকাল রোববার সন্ধ্যা সাতটায় একই মঞ্চে শুরু হবে দ্বিতীয় দিনের পরিবেশনা। এদিন থাকছে প্রমা অবন্তীর গ্রন্থনা ও পরিকল্পনায় কাজী নজরুল ইসলামের কবিতা ‘বিদ্রোহী’ ও গান আবলম্বনে নৃত্যালেখ্য। দ্বিতীয় দিনের আয়োজনে প্রধান অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রফিকুল ইসলাম।









