সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি বুধবার (২০ মার্চ) সিঙ্গাপুর সময় সকাল দশটায় হবে বলে জানিয়েছেন তার সঙ্গে থাকা ডা. আবু নাসার রিজভী।
ডা. আবু নাসার রিজভী মঙ্গলবার সকালে এ তথ্য জানান।
বাইপাস সার্জারি করবেন ডা. ফিলিপ কোহ’র নেতৃত্বে গঠিত মেডিক্যাল বোর্ডের সিনিয়র সদস্য কার্ডিওথোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামি।
ডা. রিজভী জানান, ওবায়দুল কাদেরের রক্তচাপ এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রয়েছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল।
এ সময় কাদেরের পরিবার দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চান তিনি।
এরআগে ডা. সিবাস্টিন কুমার সামি আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের চিকিৎসার সর্বশেষ অগ্রগতি ও সার্জারির বিষয়ে পরিবারের সদস্যদের জানান।
গত ৩ মার্চ হৃদরোগ আক্রান্ত হন ওবায়দুল কাদের। ওই দিনই ঢাকায় বিএসএমএমইউতে তাৎক্ষণিক ও জরুরি চিকিৎসার অংশ হিসেবে তার হৃদযন্ত্রে একটি রিং বা করোনারি স্ট্যান্ট পরানো হয়। পরদিন তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নেয়া হয় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে।









