এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির সভায় যোগ দিয়ে বাংলাদেশ ক্রিকেটের ‘সুবিধা-অসুবিধা’র কথা তুলে ধরবেন বলে জানিয়েছেন সাকিব আল হাসান। বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
সাকিব বলেন, ‘এর আগে যখন এই মিটিং হয়েছে তখন বাংলাদেশের কেউ ছিল না। আমরা কী সুবিধা পাই কিংবা কী অসুবিধা মোকাবেলা করি এসব নিয়ে ওদের ধারণা কম থাকত। যেগুলো আমি হয়তো এবার তুলে ধরতে পারব।’
ক্রিকেটের সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে এই কমিটি। আইন-কানুনসহ নানা পরিবর্তন ও ভালো-মন্দ নিয়ে সুপারিশ করে আইসিসিকে। আইসিসি সভায় অনুমোদন সাপেক্ষে বাস্তবায়ন হয় সেসবের। সাবেক কিংবা বর্তমান ক্রিকেটারদের জন্য এই কমিটিতে জায়গা পাওয়া সম্মানজনক ব্যাপার।
শনিবার রাতে সিডনি যাবেন সাকিব। নতুন বছরে কমিটির প্রথম সভা ৯ ও ১০ জানুয়ারি।
বৃহস্পতিবার শুরু হয়েছে জাতীয় দলের স্কিল অনুশীলন। শের-ই-বাংলা স্টেডিয়ামে বোলিংয়ের পর ব্যাটিং অনুশীলন সেরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন সাকিব। বিশ্ব ক্রিকেটের প্রতিনিধিত্ব করতে পারার রোমাঞ্চ লুকাননি বাংলাদেশের টেস্ট অধিনায়ক, ‘রোমাঞ্চিত অবশ্যই। আমার কাছে মনে হয় এটা অনেক বড় সম্মাননা। পাশাপাশি দায়িত্বও।’
সভায় অংশ নিতে রীতিমতো পড়াশোনা করার কথা বললেন বিশ্বসেরা অলরাউন্ডার, ‘অনেকগুলো এজেন্ডা থাকবে। ওই এজেন্ডাগুলো আমি জানি, এ নিয়ে আলোচনাও হয়েছে। বিষয়গুলো নিয়ে একটু পড়াশুনার দরকার আছে। একটু বোঝার ব্যাপার আছে। এগুলো নিয়ে যেহেতু আলোচনা হবে তাই অপ্রস্তুত অবস্থায় তো যাওয়া ঠিক হবে না।’
সাকিব জানান ক্রিকেটের বিভিন্ন বিষয়ের সঙ্গে সভায় গুরুত্ব পাবে টেস্ট ক্রিকেট, ‘আসলে টেস্ট ক্রিকেট নিয়েই অনেক কিছু আছে। সবাই আলোচনা করবে এবং চিন্তা করবে কোনটা করলে ভালো হয়। এখানে প্রস্তাব করার কিছু নেই। এজেন্ডা ঠিক করা আছে।’
কমিটির বর্তমান চেয়ারম্যান সাবেক ইংলিশ অধিনায়ক মাইক গ্যাটিং। ১৪ সদস্যের কমিটিতে আছেন সৌরভ গাঙ্গুলি, রিকি পন্টিং, ব্রেন্ডন ম্যাককালাম, কুমার সাঙ্গাকারা, রডনি মার্শ, টিম মে, রমিজ রাজার মত সাবেক ক্রিকেটার। বর্তমান ক্রিকেটারদের মধ্যে একমাত্র প্রতিনিধি সাকিব।









