বল উড়ে চলে যাচ্ছে গ্যালারির ওপর দিয়ে, অপলক চেয়ে সবাই। মাঠে কুয়াশা থাকায় শেষ পর্যন্ত চোখ রাখা যায়নি। তবে মাঠে থাকা সবাই এটা নিশ্চিত হতে পেরেছেন যে, স্টেডিয়ামের বাইরে চলে গেছে বল।
শুক্রবার বিপিএলের ম্যাচে দেখা গেছে পরপর দুই বলে এমন দুটি বিশাল ছয়ের মার। বোলার সিলেট সিক্সার্সের তাসকিন আহমেদ, ব্যাটসম্যান ঢাকা ডায়নামাইটসের আন্দ্রে রাসেল।
বল এতটাই উপর দিয়ে বাইরে গিয়ে আছড়ে পড়ে যে, উড়ে উড়ে খেলার দৃশ্য ধারণে সচল থাকা ড্রোন ক্যামেরার লেন্সও ওই মুহূর্তে বলের নাগাল পায়নি। দুটি ছক্কা কত মিটারের সেটিও জানা যায়নি।
টি-টুয়েন্টি যুগে এমন বিশাল ছক্কা একটি-দুটি দেখা যায় প্রায় প্রতিটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেই। তবে বিপিএলে এমন ঘটনা প্রথম!
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ১৫৯ রান তাড়ায় নেমে ডায়নামাইটস অধিনায়ক সাকিব আল হাসান জয়ের নাগালে নিয়ে যান দলকে। ঠাণ্ডা মাথায় ব্যাট চালালেও জয় নিশ্চিত। কিন্তু ক্যারিবিয়ান ব্যাটিংদানব রাসেল অপেক্ষা করতে চাননি।
তাসকিনের করা ইনিংসের ১৬তম ওভারের তৃতীয় ও চতুর্থ বলে মিডউইকেট দিয়ে উড়িয়ে মেরে বল স্টেডিয়াম ছাড়া করেন। প্রথম বলটি পাওয়া গেলেও দ্বিতীয় ছক্কায় বাইরে যাওয়া বলটি হয়ে যায় উধাও!
পরের ওভারে মোহাম্মদ ইরফানকে দুটি ছক্কা মেরে ১৮ বল আগেই ম্যাচ শেষ করেন রাসেল। সাকিব ৪১ বলে ৬১ ও রাসেল ২১ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন। ম্যাচ শেষে ঢাকার উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসান ওই দুই ছক্কা নিয়ে বলেন, ‘আসলে বল দেখিনি আমিও। দুইটা বলই দেখা যায়নি।’









