রানের খাতা খোলার আগেই লেন্থ বলে দৃষ্টিকটুভাবে ব্যাটের কানা ছুঁইয়ে স্লিপে ক্যাচ দিয়েছিলেন এনামুল হক বিজয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে নড়বড়ে শুরু করলেও সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে এ ওপেনারের উপরই আস্থা রেখেছে বাংলাদেশ। অপরিবর্তিত একাদশ নিয়ে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।
ওয়েস্ট ইন্ডিজ দলে খেলছেন না আন্দ্রে রাসেল। এ অলরাউন্ডারের জায়গায় একাদশে এসেছেন কিমো পল।
অ্যান্টিগা, জ্যামাইকার ভীতি নেই গায়ানায়। এখানকার প্রভিডেন্স স্টেডিয়াম বাংলাদেশের জন্য পয়মন্ত! ২০০৭ বিশ্বকাপে ভারতের বিপক্ষে অবিস্মরণীয় জয়টি এসেছিল এ মাঠেই। ক্যারিবীয়দের সামনে টেস্ট সিরিজে অসহায় আত্মসমর্পণের পর সিরিজের প্রথম ওয়ানডেতে ৪৮ রানের দাপুটে জয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন সাকিব-তামিমরা।
টাইগারদের সামনে এবার এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ের হাতছানি। ম্যাচটা জিততে পারলে ৯ বছর পর বিদেশের মাটিতে ওয়ানডে সিরিজের ট্রফি নিশ্চিত হবে টাইগারদের।
টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়া বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে ওয়ানডে সিরিজে। গায়ানায় প্রথম ম্যাচে তুলেছে ৪৮ রানের জয়।
আগের ম্যাচে শুরুতেই এনামুলের উইকেট হারানোর পর তামিম-সাকিব ২০৭ রানের জুটি বেধে গড়ে দেন লড়াইয়ের বিশ্বাস। পরে বল হাতে মাশরাফী-মিরাজ-মোস্তাফিজরা এনে দেন ক্যারিবীয়দের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে লিড।
বাংলাদেশ একাদশ: মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।









