বরেণ্য অভিনেতা তারিক আনাম খান এখন অনেকটাই সুস্থ। ৫ মার্চ পর্যন্ত পূর্ণ বিশ্রামে ছিলেন। এখন আবার নাটকের শুটিং করছেন। জানালেন, রাজবাড়িতে অসীম গোমেজের ‘উথাল তরঙ্গ’ নাটকের শুটিংয়ে অংশ নিয়েছেন।
গত মাসের মাঝামাঝি হৃদরোগে আক্রান্ত হন তারিক আনাম খান। উন্নত চিকিৎসার জন্য তাঁকে দ্রুত ভারতের দিল্লিতে নিয়ে যাওয়া হয়। সেখানে হার্ট অ্যান্ড লাং হাসপাতালে অ্যানজিওগ্রাফি করার পর দেখা গেছে, তার ডান ধমনীতে ৯০ ভাগ ব্লক রয়েছে। এছাড়া ছোট আকারের আরও কয়েকটি ব্লক পাওয়া যায়। ২০ ফেব্রুয়ারি তার ডান ধমনীর দুটি পয়েন্টে স্টেনটিং করা হয়। ২৫ ফেব্রুয়ারি দেশে ফেরেন তিনি।
জানালেন, দেশে ফিরে স্থানীয় চিকিৎসকদের পরামর্শ নিয়েছেন, শারীরিক পরীক্ষাও করিয়েছেন। এখন আর তেমন সমস্যা মনে হচ্ছে না। সুস্থ বোধ করছেন। স্বাভাবিক চলাফেরায় কোনো বাঁধা নেই। গতকাল সোমবার থেকে তাই শুটিং করছেন। রাজবাড়িতে সার্কিট হাউজে থাকছেন তিনি। শুটিং শেষে ফিরবেন বৃহস্পতিবার।
ছবি : সংগৃহীত









