আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী এক সপ্তাহের মধ্যে পুনর্গঠনের আশা প্রকাশ করেছেন চিফ প্রসিকিউটর মোঃ তাজুল ইসলাম।
রোববার দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে সাংবাদিকদের তিনি বলেন, ‘গত সপ্তাহে আমাদের সাথে আইন উপদেষ্টার আলোচনা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ট্রাইব্যুনাল পুনর্গঠনের দাবি জানিয়েছি। কারণ, ট্রাইব্যুনাল পুনর্গঠন না হলে আদালতের কাছ থেকে প্রয়োজনীয় অনেক আদেশ আমরা নিতে পাচ্ছি না। আদালতের আদেশ ছাড়া অনেক কাজ বন্ধ হয়ে আছে। উনি (আইন উপদেষ্টা) আস্বস্ত করেছেন। সম্ভবত এক সপ্তাহের মধ্যে পুনর্গঠন হবে। আর সেটা হলে বিচারের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে।’
সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট তাজুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে গত ৭ সেপ্টেম্বর নিয়োগ দেয়া হয়। এছাড়া আরও চার আইনজীবীকে প্রসিকিউটর পদে নিয়োগ দেয়া হয়েছে। তারা হলেন, মোঃ মিজানুল ইসলাম, গাজী মোনাওয়ার হুসাইন তামিম, বি এম সুলতান মাহমুদ এবং আব্দুল্লাহ আল নোমান।
এদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউশন টিমের কার্যক্রম চলমান থাকলেও ট্রাইব্যুনালে বিচারপতি না থাকায় বিচার কার্যক্রম থমকে আছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. আবু আহমেদ জমাদার গত ১৩ জুলাই অবসরে যান। অন্য এক সদস্য বিচারপতি হাইকোর্টে ফিরে গেছেন। বর্তমানে ট্রাইব্যুনালে কোনো বিচারপতি নেই।









