রাঁচি টেস্টের তৃতীয় দিন শেষে ১৩০ রানে অপরাজিত ছিলেন পূজারা। তখনো ৯১ রানে পিছিয়ে থাকায় ভারতের সব চাপ তার ও ঋদ্ধিমান সাহার কাঁধে চেপে বসেছিল। তবে প্রত্যাশার চাপ সয়ে ২০২ রানের এক ঝলমলে ইনিংস খেলেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। দলকে ১৫২ রানের লিডও এনে দিয়েছেন। প্রথম ইনিংসে ভারতের সংগ্রহ ৬০৩ রান।
পূজারাকে যোগ্য সঙ্গ দিয়ে নিজের দ্বিতীয় টেস্ট শতক হাঁকিয়েছেন ঋদ্ধিমান। ও’কিফের বলে ৫১ রানে উইকেটরক্ষক ওয়েডের হাতে জীবন পেয়েছিলেন। সেটা ভালোভাবেই কাজে লাগিয়েছেন। ইনিংসটিকে টেনে নিয়েছেন ১১৭ রান পর্যন্ত। সপ্তম উইকেটে পূজারার সঙ্গে ১৯৯ রানের জুটি তার। পরে ৫৪ রান করে লিডের পরিমাণ বাড়ান রবীন্দ্র জাদেজা।
দ্বিতীয় ইনিংসে বল হাতেও অজিদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন জাদেজা। ওয়ার্নার ১৭, নাইটওয়াচম্যান নাথান লায়নকে ২ রানে ফিরিয়েছেন এই বাঁহাতি স্পিনার। দিন শেষে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার সংগ্রহ ২ উইকেটে ২৩ রান। ৭ রানে অপরাজিত আছেন ম্যাট রেনশো।









