পাকিস্তানকে ৯ রানে হারিয়ে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে ঐতিহাসিক জয় তুলেছে বাংলাদেশ। সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে আসর শুরুর পর বিশ্বমঞ্চে প্রথম পয়েন্ট তুলেছে টিম টাইগ্রেস। রোমাঞ্চ ছড়ানো জয়ে লাল-সবুজরা গড়েছে দারুণ কিছু রেকর্ড-কীর্তি।
<> পাকিস্তানের বিপক্ষে সবশেষ তিন ম্যাচেই জয় তুলল বাংলাদেশ। যার মাঝে থাকল প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমে হ্যামিল্টনে তোলা প্রথম জয়টি। দলটির বিপক্ষে ১২ ওয়ানডে খেলেছে বাংলাদেশ, যার ৬টিতে জয় তুলেছে, হেরেছে বাকিগুলোয়।
<> ১৯৭৩ সালে শুরু হওয়া মেয়েদের বিশ্বকাপের এপর্যন্ত ১২ আসর বসেছে। সেখানে ১৫ দল ভিন্ন সময়ে বিশ্বমঞ্চে খেলেছে। অভিষেক বিশ্বকাপের মূলমঞ্চে জয়হীন ছিল পাকিস্তান, নেদারল্যান্ডস ও ভারত। বাংলাদেশ প্রথমবার বিশ্বকাপে নেমে তৃতীয় ম্যাচেই তুলল কাঙ্ক্ষিত জয়।
<> বিশ্বমঞ্চে নিজেদের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ দলীয় সংগ্রহ গড়েছে বাংলাদেশ। টস হেরে ব্যাটে নেমে ৫০ ওভারে ৭ উইকেটে ২৩৪ রান তোলেন ফারজানা-নিগাররা। আগের সর্বোচ্চ সংগ্রহের রেকর্ডটিও ছিল পাকিস্তানের বিপক্ষে, ২০১৯ সালে। লাহোরে লক্ষ্য তাড়ায় নেমে ৪৯.৫ ওভারে ৯ উইকেটে ২১১ রান তুলেছিল লাল-সবুজের দল।
<> পাকিস্তানকে ২৩৫ রানের লক্ষ্য ছোড়ার দিনে আরও একটি রেকর্ড গড়েছে সালমা-রুমানাদের দল। প্রথমে ব্যাট করে সর্বোচ্চ দলীয় সংগ্রহ গড়া, আগে ছিল ৭ উইকেটে ২১০ রান, আইরিশ মেয়েদের বিপক্ষে যা তুলেছিল বাংলাদেশ।
<> এই নিয়ে ৬ বার বাংলাদেশের মেয়েরা ওয়ানডেতে দুইশ রানের গণ্ডি পেরোল।
<> বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সবচেয়ে বেশি রান এখন ফারজানা হকের। রুমানা আহমেদকে টপকে গেলেন তিনি। সোমবার নামার আগে ৪৪ ম্যাচে রুমানার সংগ্রহ ছিল ৯১৫ রান। এদিন ১৬ রান করে যা নিয়ে যান ৯৩১ রানে। ৯০১ রানে ম্যাচ শুরু করা ফারজানা ৪৪তম ম্যাচে খেলেছেন ফিফটি ছাড়ানো ইনিংস। ১১৫ বলে ৭১ রান তুলে পৌঁছে গেছেন ৯৭২ রানে। যা বাংলাদেশের হয়ে একদিনের ক্রিকেটে কোনো ব্যাটারের সর্বোচ্চ সংগ্রহ।
<> ১৯৯৯ ওয়ানডে বিশ্বকাপে অভিষেকে বাংলাদেশের ছেলেরা হারিয়েছিল পাকিস্তানকে। মেয়েদের প্রথম জয়ে তার সঙ্গে থাকল বেশ মিল। দুই ম্যাচেই টস হেরে প্রথমে ব্যাটিং করেছে বাংলাদেশ। ম্যাচ দুটি হয়েছিল একইদিনে, সোমবারে এবং দেশের বাইরে। দুই ম্যাচে বাংলাদেশের ম্যাচসেরা দুজনই বোলার। নর্দাম্পটনে ছেলেদের ম্যাচসেরা ছিলেন মিডিয়াম পেসার খালেদ মাসুদ সুজন, হ্যামিল্টনে সেরা লেগ স্পিনার ফাহিমা খাতুন। খালেদ মাহমুদ সেদিন নিয়েছিলেন ৩ উইকেট, ফাহিমাও নিয়েছেন ৩ উইকেটই।









