ওয়ার্নার, স্মিথ ইতিমধ্যে ‘সর্বনাশের মাথায় বাড়ি’ দিয়ে ফেলেছেন। বাঁচতে হলে বাংলাদেশের যে কাউকে ম্যাজিক নিয়ে হাজির হতে হবে। মিরপুরে এখন সেই অপেক্ষা।
পরিস্থিতি কেমন তা বোঝা যাবে একটি দৃশ্য থেকে। খেলা শুরুর কিছুক্ষণ আগেও একাডেমি মাঠে ব্যাটিং অনুশীলন করতে দেখা গেছে অস্ট্রেলিয়ার অক্ষত ৯ ব্যাটসম্যানকে। কোচ লেম্যান বল ছুড়ে শিখিয়ে দিচ্ছেন কোন বল কীভাবে খেলতে হবে। নেট বোলার হিসেবে বাঁহাতি স্পিনারের আধিক্য। পরের সারির ব্যাটসম্যান ওয়েড, লায়ন, অ্যাগার ব্যস্ত আরেকটি নেটে।
একই সময়ে মূল মাঠে ড্রেসিংরুমের সামনে সাব্বির-ইমরুলকে ক্যাচিং করাচ্ছেন চণ্ডিকা হাথুরুসিংহে।। ব্যাটসম্যানের কাছাকাছি জায়গায় দাঁড়ানো ফিল্ডাররা বেশ কয়েকটি ক্যাচ ছেড়েছেন। তার মাশুলও গুনতে হয়েছে বাংলাদেশকে। আজ যেন তেমন কিছু না ঘটে তারই প্রস্তুতি।
তৃতীয় দিনে দ্রুত দুই উইকেট হারালেও স্মিথ (২৫*) আর ওয়ার্নারের (৭৫*) ব্যাটে ম্যাচে ফেরে অস্ট্রেলিয়া। তৃতীয় দিনের খেলা শেষে তামিম ইকবাল বলছিলেন, জিততে হলে ওয়ার্নার-স্মিথ জুটি ভাঙতে হবে দ্রুত। সে চ্যালেঞ্জে মাঠেও নেমে গেছে বাংলাদেশ।
ছবি: সাকিব উল হাসান









