মৌসুম পরিবর্তন হচ্ছে। শীতকাল আসার আগে এই সময়টায় প্রায় ঠাণ্ডা জ্বর, সর্দি, কাশি, নাক বন্ধ হওয়া, মাথা ব্যাথা লেগেই থাকে। তবে এসবের মধ্যে সবথেকে বিরক্তির সমস্যা হলো নাক বন্ধ হয়ে যাওয়া। নাক বন্ধ হয়ে গেলে সারাক্ষণ অস্বস্তি লাগে। সবাই বার বার নাক ঝেরে পরিস্কার করার চেষ্টা করে বা জোরে জোরে নিঃশ্বাস নেয়ার চেষ্টা করে যা একদম ভুল।এতে নাকের ভিতরের টিস্যু ফুলে যায়। জোরে নিশ্বাস নেয়ার চেষ্টায় সর্দি ফুসফুসে চলে গেলে ইনফেকশন হতে পারে।
তাই নাক বন্ধ হয়ে গেলে তা থেকে রেহাই পেতে কী করণীয় জেনে নেই-
ঠিক পজিশনে শুতে হবে: নাক বন্ধ হয়ে গেলে অনেকেই মনে করেন এক পাশ হয়ে শুলে নাক খুলে যায়। তা খুলে ঠিকই তবে খুব সাময়িকের জন্য। কিছুক্ষণপর আবার নাক বন্ধ হয়ে যায়। তাই রাতে ঘুমাতে যাওয়ার সময় সোজা হয়ে শুতে হবে।অর্থাৎ ছাদের দিকে মুখ করে শুতে হবে।
পেঁয়াজের গন্ধ শুকুন: নাক বন্ধ হয়ে গেলে তা থেকে রেহাই পাওয়ার সব থেকে সহজ ও প্রাকৃতিক উপায় হলো পেঁয়াজ। পেঁয়াজ ছোট ছোট স্লাইস করে ৫ মিনিট এর গন্ধ শুঁকলে দ্রুত নাক খুলে যাবে।
ঝাল খাবার খান: ঝাল খাবার খাওয়ার অভ্যাস না থাকলেও ওই সময়টায় গোলমরিচ সহ বিভিন্ন মসলা দিয়ে তৈরি ঝাল খাবার খান। মসলার ঝাঁজ নাকের ভিতর গেলে ভিতরে জমে থাকা সর্দি সহজেই বের হয়ে আসবে।
গরম চা বা কফি পান করুন: গরম চা বা কফির ধোঁয়া নাকের ভিতর গেলে তা নাকের ভিতর ঠাণ্ডায় ফুলে ওঠা টিস্যুগুলোকে স্বাভাবিক করে তোলে। তাই নাক বন্ধ হয়ে গেলে বেশি বেশি গরম পানীয় খাওয়া উচিৎ।
গরম পানির ভাপ নিন: গরম পানিতে কয়েক ফোঁটা মেনথল মিশিয়ে নিন। তারপর তোয়ালে দিয়ে মাথা ঢেকে গরম পানির ভাপ নিন। খেয়াল রাখবেন গরম পানির ধোঁয়া যেনো চারপাশে ছড়িয়ে না পড়ে। জোরে জোরে নিশ্বাস নিন।
তাই নাক বন্ধ হয়ে গেলে আর ডাক্তারের কাছে ছুটতে হবেনা।নিজেই এর হাত থেকে রেহাই পেতে পারেন।






