বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের আগে বিসিবি একাদশের সঙ্গে দুই দিনের প্রস্তুতি ম্যাচের শুরুতে জাঁকিয়ে বসেছিলেন আফগানিস্তানের দুই ওপেনার। পরে স্বাগতিকদের পথ দেখান স্পিন-অলরাউন্ডার আল-আমিন। আসলে ঠিক করে বললে বলতে হয় স্পিনঘূর্ণিতে আল-আমিন নয়, বিসিবিকে পথ দেখিয়েছেন আফগান দুই ওপেনারই।
উদ্বোধনী জুটিতে ১৩১ রান তোলার পর স্বেচ্ছায় ব্যাটিং ছেড়ে দেন ইসানুল্লাহ ও ইব্রাহীম জাদরান। দুজনেই অবশ্য হাফসেঞ্চুরির মাইলফলক স্পর্শ করে যান। ইসানুল্লাহ ৬২ ও জাদরান করেন ৫২ রান।
আফগান দুই ওপেনার স্বেচ্ছায় ব্যাটিং ছেড়ে দেয়ার পরই প্রথম উইকেটের দেখা পায় বিসিবি একাদশ। জাভেদ আহমাদীকে (৩) ফিরিয়ে শুরুটা করেন সুমন খান।
এরপরই জ্বলে ওঠেন আল-আমিন। পরপর তুলে নেন চার উইকেট। স্পিনে তিনি একে একে ফেরান রহমত শাহ (৭), হাসমতউল্লাহ শাহিদী (২৩), আসগর আফগান (১৬) ও ইকরাম আলী খিলকে (১)।
আল-আমিন ঝড়ের সামনেও ঠায় দাঁড়িয়ে ছিলেন মোহাম্মদ নবি। তবে দিনের শেষ বেলায় আফগানদের অন্যতম সেরা ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন প্রথম সাফল্য এনে দেয়া অনূর্ধ্ব-১৯ দলের বোলার সুমন খান।
৮৮.১ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৪২ রানে দিনশেষ করেছে আফগানিস্তান। আফসার জাজাই ২০ ও অধিনায়ক রশিদ খান ৬ রানে অপরাজিত আছেন।









