ঢাকা প্রিমিয়ার লিগের গত আসরে আবাহনীকে শিরোপা এনে দিয়েছিলেন তামিম ইকবাল। নেতৃত্বের পাশাপাশি ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন এ বাঁহাতি ওপেনার। এবারও আকাশী জার্সিতেই লড়ার কথা ছিল তার। তবে শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলেছেন বাংলাদেশ দলের এই তারকা ক্রিকেটার। আবাহনীর চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের হয়ে প্রিমিয়ার লিগ খেলবেন তামিম।
শ্রীলঙ্কা সফর শেষে ফিরে দলবদল করবেন তামিম। নেমে পড়বেন ৭ এপ্রিল শুরু হতে যাওয়া লিগ খেলতে। মোহামেডান ক্লাবের ম্যানেজার ওয়াসিম খান চ্যানেল আই অনলাইনকে জানালেন, তাদের ক্লাবে তামিমের অন্তর্ভুক্তির ব্যাপারটি নিশ্চিত হয় গত ২০ মার্চ।
বাংলাদেশের শততম টেস্ট দেখতে শ্রীলঙ্কায় গিয়েছিলেন বিসিবির সহ-সভাপতি ও মোহামেডানের অন্যতম পরিচালক মাহাবুবুল আনাম। তিনি কলম্বোয় বসেই পাকা কথা আদায় করে নেন তামিমের কাছে। এবারের লিগে মোহামেডানের নেতৃত্বে ভার বর্তাতে পারে তামিমের কাঁধেই।
আসন্ন লিগের জন্য অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে দল গড়েছে মোহামেডান। অভিজ্ঞদের মধ্যে আছেন রকিবুল হাসান, রনি তালুকদার, শামসুর রহমান শুভ, সাজেদুল ইসলামরা। তরুণ ক্রিকেটারদের মধ্যে সেখানে ইবাদত হোসেন, জুবায়ের হোসেন লিখন, অভিষেক মিত্র নাম লিখিয়েছেন ক্লাবটিতে। তামিম ছাড়া মোহামেডানের অন্য দুই পুল ক্রিকেটার তাইজুল ইসলাম ও শুভাশীষ রায়।









