অলিম্পিক ফুটবলের দ্বিতীয় ম্যাচেও হোঁচট খেল স্বাগতিক ব্রাজিল। ইরাকের সঙ্গে গোলশূন্য ড্র করেছে তারা।
নিজেদের মাঠে ম্যাচের শুরু থেকে আধিপত্য করলেও গোলের সুযোগগুলো কাজে লাগাতে পারেননি নেইমার-অগুস্তোরা।
প্রথমার্ধে গোলের বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল দু’দল। কিন্তু কোনো দলই গোলের দেখা পায় নি। ম্যাচের ৪০ মিনিটে গাব্রিয়েল জেসুসের হেড অল্পের জন্য দূরের পোস্ট দিয়ে বেরিয়ে যায়।
এর তিন মিনিট পর অল্পের জন্য গোল বঞ্চিত হয় অলিম্পিকের আয়োজক ব্রাজিল। নেইমারের ফ্রি-কিক রক্ষণে প্রতিহত হওয়ার পর অগুস্তোর শট ক্রসবারে লাগে। 
দ্বিতীয়ার্ধে গোল পাওয়ার জন্য মরিয়া হয়ে খেলতে থাকে ব্রাজিল। ম্যাচের ৭৯ মিনিটে চিয়াগো মাইয়ার দূরপাল্লার শটে অসাধারণ ভাবে কর্নারের মাধ্যমে ইরাককে ম্যাচে রাখেন গোলরক্ষক।
অতিরিক্ত যোগ করা সময়ে গোলের আরেকটি ভালো সুযোগ নষ্ট হয় ব্রাজিলের। আগামী বৃহস্পতিবার গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে সুইডেনের মুখোমুখি হবে ব্রাজিল।









