২৫ মার্চকে গণহত্যা দিবস ঘোষণা এবং দিনটিকে আন্তর্জাতিকভাবে পালনে যথাযথ পদক্ষেপ গ্রহণে জাতীয় সংসদে ঐতিহাসিক প্রস্তাব উত্থাপন করা হয়েছে।
শনিবার সংসদের কার্যপ্রণালী বিধির ১৪৭ (১) বিধিতে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সংসদ সদস্য শিরীন আখতার অধিবেশনের শুরুতেই এই প্রস্তাবটি তোলেন। এরপর স্পিকার এটি গ্রহণ করে আলোচনার জন্য অনুমতি দেন।
প্রস্তাবে বলা হয়, ‘১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে বর্বর পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যাকে স্মরণ করে ২৫ মার্চকে জাতীয় গণহত্যা দিবস ঘোষণা করা হোক এবং আন্তর্জাতিকভাবে এ দিবসের স্বীকৃতি আদায়ে প্রয়োজনীয় কার্যক্রম নেয়া হোক।’
প্রস্তাবটি পাস হলে ২৫শে মার্চ গণহত্যা দিবস হিসেবে পালিত হবে।
এর আগে চলতি অধিবেশনেই ২৫শে মার্চকে গণহত্যা দিবস হিসেবে পালন করতে সংসদের দৃষ্টি আকর্ষণ করেছিলেন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান তোফায়েল আহমেদ।
গত মাসের শেষ সপ্তাহের ওই আলোচনার রেশ ধরেই এ নিয়ে প্রস্তাব আনার কথা বলেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।









