আজহার আলী আর বাবর আজমের হাফসেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টেস্টের প্রথম দিনে ভালো অবস্থানে রয়েছে পাকিস্তান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচটিতে দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ১৬৯ রান। প্রায় এক সেশন ভেসে যায় বৃষ্টিতে, খেলা হয় মোট ৬৯ ওভার।
আজহার আলী ৮৫ এবং ইউনুস খান ১০ রানে ক্রিজে রয়েছেন। বাবর আজম ৫৫ রানে আউট হন।
উইন্ডসর পার্কে টসে জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় টেস্টের ব্যাটিং ব্যর্থতা আর মেঘে ঢাকা আকাশের নিচে ব্যাট হাতে নেমে আতঙ্কে ছিল পাকিস্তান। সেই আতঙ্কের কারণেই হয়তো শুরুটা ভাল হয়নি সফরকারীদের। দলীয় ১৯ রানেই ধাক্কা খায় তারা। মাত্র ৯ রান করে আউট হন সান মাসুদ।
তবে আতঙ্ক থাকলেও সতর্কতার ফল পেয়েছে পাকিস্তান। মাসুদ ফেরার পর ১২০ রানের জুটি গড়েন আজহার ও বাবর। ধীরগতির ব্যাটিংয়ে তাদের রান তোলার গড় ছিল মাত্র ২ দশমিক ৫০। তবে পাকিস্তান শক্ত অবস্থানে থাকলেও শেষ বেলায় বাবর আজমের উইকেট স্বস্তি আনে ক্যারিবীয় শিবিরে।
দিনের সবচেয়ে স্মরণীয় মুহূর্তটি আসে যখন পাকিস্তানি ব্যাটসম্যান ইউনুস খান মাঠে নামেন। বিদায়ী টেস্টে ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা তাকে গার্ড অব অনার দেন। ক্যারিবীয় অধিনায়ক জেসন হোল্ডারের সঙ্গে হ্যান্ডসেক করে তাকে ধন্যবাদ জানান ইউনুস খান। ক্যারিয়ারের শেষ টেস্টের প্রথম ইনিংসে ১০ রানে অপরাজিত রয়েছেন ইউনুস।
তিন টেস্ট সিরিজে ১-১ সমতা রয়েছে। ফলে এই টেস্টের মাধ্যমেই সিরিজের ফয়সালা হবে।









