অভিজ্ঞ গণমাধ্যম ব্যক্তিত্ব মনু সনিকে প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ দিয়েছে ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসি। আগামী ফেব্রুয়ারিতে সংস্থাটিতে যোগ দেবেন সনি। আর জুলাইয়ে বর্তমান প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসনের স্থলাভিষিক্ত হবেন তিনি।
মঙ্গলবার লন্ডনে আইসিসির সভায় সদস্যদের সর্বসম্মতিতে নিশ্চিত করা হয় মনু সনির নিয়োগের বিষয়টি। নিয়োগের চূড়ান্ত তালিকায় থাকা বাকি চারজনকে পেছনে ফেলেছেন তিনি। যদিও কতসময়ের জন্য এই নিয়োগ পেলেন সনি তা এখনো নিশ্চিত করেনি আইসিসি।
ভারতে জন্ম নেয়া সনি দীর্ঘ ২২ বছর কাজ করেছেন ইএসপিএন-স্টার স্পোর্টসের সঙ্গে। হয়েছেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালকও। তার সময়েই ২০০৭ থেকে ২০১৫ সাল পর্যন্ত আইসিসির সমস্ত বৈশ্বিক টুর্নামেন্ট সম্প্রচারের দায়িত্ব পায় ইএসপিএন-স্টার স্পোর্টস।
এরপর সিঙ্গাপুরের স্পোর্টস হাভের প্রধান নির্বাহীর দায়িত্ব নেন সনি। এখনো সংস্থাটির নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করছেন। জড়িত আছেন ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের অডিট কমিটির সঙ্গেও।
সনির এই নিয়োগে ক্রিকেটের প্রসার আরও বাড়বে বলেই বিশ্বাস আইসিসি প্রধান শশাঙ্ক মনোহরের, ‘আমি আজ মনুকে নিযুক্ত করতে পেরে দারুণ খুশি। তার ২২ বছরের অসামান্য বাণিজ্যিক অভিজ্ঞতা রয়েছে এবং বিশ্বব্যাপী খেলাটির উন্নতির পরিকল্পনাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। বিশ্বজুড়ে অনেক দারুণ প্রার্থী পেলেও মনুই ছিল আমাদের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেরা পছন্দ।’
‘মনু খেলা ও সম্প্রচার বিষয়ে সাফল্যের সঙ্গে নেতৃত্ব দিয়েছে। সে একজন কৌশলী চিন্তাবিদ এবং ক্রিকেটের অবকাঠামো ও জটিলতাও তার ভালোভাবেই জানা।’









