সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। তাই বুধবার সকালে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।
আগামী সপ্তাহে সুবিধাজনক সময়ে কাদেরের বাইপাস সার্জারীর প্রস্তুতি নেয়া হচ্ছে।
সিঙ্গাপুরে ওবায়দুল কাদের চিকিৎসা সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিওরোলজিস্ট প্রফেসর ডা. আবু নাসার রিজভী সকালে এ তথ্য জানান।
তিনি জানান, ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা ভালো। তাকে নরম খাবার দেয়া হচ্ছে। আগামী সপ্তাহে তার বাইপাস সার্জারি হবে। এর জন্য চিকিৎসকরা প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন ডা. রিজভী।
সকালে ওবায়দুল কাদেরের চিকিৎসায় গঠিত ৫ সদস্যের মেডিক্যাল বোর্ডের অন্যতম সদস্য এর আগে কার্ডিও থোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামি কাদেরের চিকিৎসার সর্বশেষ অগ্রগতি পরিবারের সদস্যদের জানান।
এ সময় উপস্থিত ছিলেন কাদেরের সহধর্মিনী বেগম ইসরাতুন্নেসা কাদের ও সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান।
গত ৩ মার্চ হৃদরোগ আক্রান্ত হন ওবায়দুল কাদের। ওই দিনই ঢাকায় বিএসএমএমইউতে তাৎক্ষণিক ও জরুরি চিকিৎসার অংশ হিসেবে তার হৃদযন্ত্রে একটি রিং বা করোনারি স্ট্যান্ট পরানো হয়। পরদিন তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নেয়া হয় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে।









