বাংলাদেশের সম্ভাবনাময় ডিজিটাল উদ্যোক্তাদের ক্রমবিকাশের লক্ষ্যে আয়োজিত ‘আইটি ইনকিউবেটর ২.০’-এ অংশ নেয়া সেরা ৬ ডিজিটাল স্টার্টআপের নাম ঘোষণা করা হয়েছে। এই ৬ স্টার্টআপ পাবে অবকাঠামো, উপকরণ ও প্রশিক্ষণগত সহায়তা।
সম্প্রতি আয়োজিত বাংলালিংক ও বাংলাদেশ হাই-টেক পার্ক অথোরিটির এই যৌথ উদ্যোগের গ্র্যান্ড গালায় এ ঘোষণা দেয়া হয়।
এ ঘোষণার মাধ্যমে দেশের সেরা আইটি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে দীর্ঘ সময় ধরে পরিচালিত আইটি ইনকিউবেটরের বাছাই পর্ব শেষ হলো।
নির্বাচিত ৬ ডিজিটাল স্টার্টআপ – জিনি আইওটি, ছবির বাক্স, হোমফুডস.কো, পার্কলি, টিচ ইট এবং ইজি সেন্স যথাক্রমে এআই-ভিত্তিক (আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স – কৃত্রিম বুদ্ধিমত্তা) স্মার্ট অ্যাপলায়েন্সেস, ফটোগ্রাফি মার্কেটপ্লেস, অনলাইন ফুড ডেলিভারি, কার-পার্কিং সল্যুশনস, ই-লার্নিং এবং ইন্ডাস্ট্রিয়াল আইওটি নিয়ে উদ্যোগ গ্রহণ করেছে।
ডিজিটাল উদ্যোগের অভিনবত্ব ও ব্যবসায়িক সম্ভাবনার ভিত্তিতে অংশগ্রহণকারী ২শ’রও বেশি ডিজিটাল স্টার্টআপ থেকে বেছে নেয়া হয়েছে সেরা ৬টিকে; যেগুলো এক বছরের জন্য কাওরান বাজারে অবস্থিত জনতা টাওয়ারের আইটি ইনকিউবেটরে অবকাঠামো, উপকরণ ও প্রশিক্ষণ পাবে।
আইটি ইনকিউবেটর বাংলালিংক-এর স্বত্ত্বাধিকারী প্রতিষ্ঠান ভিওনের ফ্ল্যাগশিপ কর্পোরেট রেসপন্সিবিলিটি প্রোগ্রাম ‘মেক ইওর মার্ক’-এর অন্তর্ভুক্ত। বিশ্বের যেসব স্থান ভিওনের কার্যক্রমের আওতাধীন, সেসব স্থানের আইটি খাতের উন্নয়নে ভূমিকা রাখতে প্রতিষ্ঠানটি প্রতিজ্ঞাবদ্ধ।
২০১৬ সালের জুলাই মাসে মাননীয় প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ ও ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশনস ইউনিয়নের সেক্রেটারি জেনারেল হওলিন ঝাও আইটি ইনকিউবেটর উদ্বোধন করেন।









