অস্ট্রেলিয়া ও শ্রীলংকার মধ্যে সিরিজের প্রথম টেস্টে চলছে বৃষ্টি আর বোলারদের দাপট। বৃষ্টিতে দ্বিতীয় দিনের ২৮ ওভারের খেলা ভেসে গেছে।
এদিন সবমিলিয়ে ৬২ ওভারের খেলা হয়েছে, কিন্তু এতেই দুই দল মিলিয়ে উইকেটের পতন ঘটেছে দশটি। শ্রীলংকার ১১৭ রানের জবাবে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে অল-আউট হয়েছে ২০৩ রানে।
২ উইকেটে ৬৬ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেই বিপর্যয়ে পড়ে অজিরা। অধিনায়ক স্টিভেন স্মিথ ৩০ এবং খাজা ২৬ রান করে আউট হন।
এরপর ভোগস ৪৭ এবং মিচেল মার্শ ৩১ রান করলে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস দুশো রানের গণ্ডি পেরোয়। শ্রীলংকার পক্ষে চারটি করে উইকেট নেন দুই বাঁ-হাতি স্পিনার হেরাথ ও সান্দাকান।
৮৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা শ্রীলংকা দলের ৬ রানে ওপেনার কুশাল পেরেরা’র উইকেট হারাতেই বৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা। ৯ উইকেট হাতে রেখে লংকানরা পিছিয়ে ৮০ রানে ।









