অস্কার বাংলাদেশ কমিটি ৯৪তম অস্কারে প্রতিযোগিতার জন্য দেশের সিনেমা আহ্বান করেছে। নির্বাচিত সিনেমাটি বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে প্রতিযোগিতা করবে।
সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অস্কার বাংলাদেশ কমিটিতে জমা দিতে আগ্রহী পরিচালক-প্রযোজকের ছবিটি অবশ্যই বাংলা ভাষায় নির্মিত বাংলাদেশি চলচ্চিত্র হতে হবে।
চলতি বছরের ১ জানুয়ারির পর মুক্তি পাওয়া বাংলাদেশের প্রেক্ষাগৃহে ধারাবাহিকভাবে ৭(সাত) দিন প্রদর্শিত ইংরেজি সাবটাইটেলসহ যেকোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বাছাই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে।
এই বাছাই প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য আগ্রহী চলচ্চিত্র প্রযোজকদের আশির্বাদ চলচ্চিত্র (৭/৯ ইর্স্টান কমার্শিয়াল কমপ্লেক্স, ৭৩ কাকরাইল, email: info.bffs@gmail.com) থেকে ছবি জমার ফরম ও বিস্তারিত নিয়মাবলী সংগ্রহ করে আগামী ১৪ অক্টোবর বিকেল ৫টার মধ্যে জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়।
প্রতিবছরের মতো এবারো অস্কারের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম (বিদেশী ভাষা প্রতিযোগিতা) বিভাগে বাংলাদেশের ছবি মনোনয়নের জন্য বাংলাদেশ ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজ এর উদ্যোগে চলচ্চিত্র ব্যক্তিত্ব হাবিবুর রহমান খানকে চেয়ারম্যান করে ৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের আয়োজনে ২০২২ সালের ২৭ মার্চ অনুষ্ঠিত হবে ৯৪তম অস্কারের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ২৪টি শাখায় দেওয়া হবে পুরস্কার। বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম সেগুলোরই একটি।
২০০৩ সালে তারেক মাসুদ পরিচালিত ‘মাটির ময়না’ ছবিটি সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র বিভাগে অস্কারে পাঠানো হয়েছিল। এরপর দুই বছর কোন বাংলাদেশি ছবি অস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেনি। ২০০৬ সাল থেকে প্রতি বছরই বাংলাদেশ থেকে একটি চলচ্চিত্র অস্কারের জন্য পাঠানো হচ্ছে। ২০০৬ থেকে ২০০৮ পর্যন্ত অস্কারে পাঠানো সিনেমা তিনটি হচ্ছে হুমায়ূন আহমেদের শ্যামল ছায়া, আবু সাইয়ীদের নিরন্তর এবং গোলাম রাব্বানী বিপ্লবের স্বপ্নডানায়।
২০২০ সালে বাংলাদেশ থেকে অস্কারে পাঠানো হয় ১১ নির্মাতার অমনিবাস ছবি ‘ইতি, তোমারই ঢাকা’। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই সিনেমাটির ১১টি গল্প মূলত ঢাকা শহরে বাস করা এগারো ধরনের মানুষদের প্রতিনিধিত্ব করেছে। শহরের বুকে তাদের প্রত্যেকের জীবনযুদ্ধে টিকে থাকার যে যন্ত্রণা, তা দেখানো হয়েছে।









